আজকের খবর


মেট্রোরেলে থাকবে স্মার্ট কার্ড, ভাড়ায় ছাড় দশ শতাংশ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৯ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার

মেট্রোরেলে থাকবে স্মার্ট কার্ড, ভাড়ায় ছাড় দশ শতাংশ

দেশের প্রথম মেট্রোরেলের যাত্রীদের জন্য থাকবে বিশেষ স্মার্ট কার্ডের ব্যবস্থা। যা ব্যবহার করে যাতায়াত করলে ভাড়ার ক্ষেত্রে পাওয়া যাবে দশ শতাংশ ছাড়। 

এমনটাই জানিয়েছে মেট্রোরেলের নিয়ন্ত্রণ কারী কর্তৃপক্ষ ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি।

আগামী ডিসেম্বর মাসে আংশিক ভাবে উদ্বোধন হতে যাচ্ছে দেশের অন্যতম বড় এই মেগা প্রকল্প।  সবকিছু ঠিক থাকলে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হবে ডিসেম্বর মাসেই। 

ইতিমধ্যে এই অংশের প্রায় ৯৪ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি থাকা কাজ এবং শেষ সময়ের চূড়ান্ত প্রস্তুতিও চলছে দ্রুতগতি তে। 

এর মধ্যে ভাড়ার তালিকা সহ মেট্রোরেলের বিভিন্ন সুযোগ সুবিধা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।  

ঢাকা ট্রান্সপোর্ট অথরিটি- ডিটিসিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ চাহিদাসম্পন্নদের যাত্রীদের জন্য  ছাড়ের ব্যবস্থা রাখা হবে মেট্রোরেলে। 

এছাড়া সম্পুর্ণ বিনামূল্যে যাতায়াত করতে করতে পারবেন  যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা।

অপরদিকে সাধারন যাত্রীদের  জন্য থাকবে বিশেষ স্মার্ট কার্ডের ব্যবস্থা। যেটির মাধ্যমে খুব সহজেই চলাচল করা যাবে মেট্রোরেলে।  এছাড়া কার্ডের মাধ্যমে যাতায়াত করলে ভাড়ার ক্ষেত্রে পাওয়া যাবে দশ শতাংশ ছাড়। 

যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে বিভিন্ন ক্যাটাগরির স্মার্ট কার্ড থাকবে মেট্রোরেল এর জন্য। এর মধ্যে ১০ হাজার টাকার একটি প্রিপেইড  কার্ড পাওয়া যাবে, যেটির মেয়াদ থাকবে ১০ বছর পর্যন্ত। 

এটি ছাড়াও সিঙ্গেল ইউস কার্ড পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট  কর্মকর্তারা।

এর আগে গত সপ্তাহে মেট্রোরেলের ভাড়ার হার প্রকাশ করেছে কর্তৃপক্ষ।  বিজ্ঞপ্তি অনুযায়ী,  দেশের প্রথম মেট্রোরেল সেবায় সর্বনিম্ন ভাড়ার পরিমান ২০ টাকা।

আর উত্তরা থেকে কমলাপুর যাওয়ার জন্য সর্বোচ্চ ১০০ টাকা ভাড়া দিতে হবে যাত্রীদের। প্রতি কিলোমিটারে মেট্রোরেলের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ টাকা করে। 

ডিসেম্বরে চালু হতে যাওয়া উত্তরা থেকে আগারগাও পর্যন্ত ভ্রমন করতে ৬০ টাকা খরচ হবে যাত্রীদের।  

এরপর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বাকি অংশের মেট্রোরেল চালু হওয়ার কথা রয়েছে ২০২৩ সালের ডিসেম্বরে।

অপরদিকে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত  সম্প্রসারিত অংশের কাজ ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড  এর পরিকল্পনা অনুযায়ী, দেশের প্রথম এই মেট্রোরেল নিরবিচ্ছিন্ন ভাবে যাত্রী পরিবহনের কাজ করবে প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত। 

শুরুর দিকে মেট্রোরেল ছেড়ে যাবে  প্রতি দশ মিনিট পরপর। সেজন্য প্রস্তুত রাখা হয়েছে ট্রেনের মোট ১০ টি সেট।

যার প্রতিটি সেটেই থাকছে ছয়টি করে বগি। এরপর যাত্রী সংখ্যা বৃদ্ধি পেলে বাড়ানো হবে মেট্রোরেলের ট্রিপ সংখ্যা।  

ডিসেম্বরে আংশিক ভাবে মেট্রোরেল চালু করার জন্য জোরেশোরে প্রস্তুতি শুরু হয়েছে এখন থেকে। যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে নেয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ।

ইতিমধ্যে আগারগাঁও এবং উত্তরা থেকে বিভিন্ন রুটে মেট্রো রেলের যাত্রী পরিবহনের জন্য বিআরটিসির সঙ্গে একটি চুক্তিও করছে কর্তৃপক্ষ।

জানা গেছে,  মেট্রোরেলের আওতায় চারটি স্টেশন প্লাজা এবং একটি গাড়ি পার্কিংয়ের জায়গা থাকবে। এছাড়া টার্মিনাল স্টেশনগুলোতে থাকবে লম্বা সময়ের জন্য গাড়ি রাখার ব্যবস্থা।

আগামী ২০৩০ সালের মধ্যে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন-ওয়ান নির্মানের কথা জানিয়েছেন সেতুমন্ত্রী। 

যেটির ৩১ কিলোমিটার দৈর্ঘের মধ্যে ২১ কিলোমিটার হবে মাটির নিচে পাতাল রেল।



জনপ্রিয়