আজকের খবর


১০৫ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশী


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৫ জানুয়ারি ২০২৩, ১১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

১০৫ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশী

দুবাইয়ে লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়ে গেছেন এক বাংলাদেশি প্রবাসী। ভাগ্যের খেলায় জিতে এক দুই কোটি নয়, শত কোটি টাকার মালিক হয়ে গেছেন তিনি। 

এরকম লটারি জিতে কোটি  টাকা পাওয়ার দৃশ্য কেবল ছায়াছবিতেই দেখা যায় সাধারণত। কিন্তু এবার তা বাস্তবেই পেলেন প্রবাসী বাংলাদেশী মোহাম্মদ রায়ফুল। 

লটারি জিতে প্রায় ১০৫ কোটি টাকার মালিক হয়েছেন তিনি। 'দ্য বিগ টিকেট আবু ধাবি র‌্যাফেল ড্র’র এর ব্যানারে অনুষ্ঠিত এই লটারি তালিকায় চূড়ান্ত বিজয়ী হয়ে ইতিহাস গড়েছেন এই বাংলাদেশী প্রবাসী।

লটারি বিজয়ী মোহাম্মদ রায়ফুল সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ ১২ বছর ধরে বাস করে আসছেন। আরব আমিরাতের আল আইন শহরের বাসিন্দা তিনি। 

বর্তমানে এখানে পিকআপ চালক হিসেবে কর্মরত রয়েছেন ৩৯ বছরের রায়ফুল। তবে এটিই তার প্রথমবার নয় , এর আগেও অনেকবার কেটেছেন এই টিকেট। 

বিগত নয় বছর ধরে সেখানে ‘দ্য বিগ টিকেট আবু ধাবি র‌্যাফেল ড্র’র টিকিট কেটে আসছিলেন তিনি। কিন্তু সাফল্যের দেখা মেলেনি কখনো। তবে এবার কপাল খুলেছে বাংলাদেশি এই যুবকের।

নতুন বছরের শুরুতে অনুষ্ঠিত ওই র‌্যাফল ড্র-র আয়োজন সম্পন্ন হয়। ইংরেজি নববর্ষ উপলক্ষে জানুয়ারি মাসে এবারের বিজয়ী হয়েছেন রায়ফুল।

 এর আগে গত ১০ ডিসেম্বর  টিকিটটি কেটেছিলেন রায়ফুল। তার টিকিট নম্বর ছিল ০৪৩৬৭৮। 

আর্থিক মূল্যমানের দিক থেকে পৃথিবীর অন্যতম বড় লটারি আয়োজন- দ্য বিগ টিকেট আবু ধাবি র‌্যাফেল ড্র’। এবারের আয়োজনে ২৪৭ সিরিজের এই টিকিট জিতেছে প্রথম পুরস্কার। 

পুরস্কারের মান আরব আমিরাতের মুদ্রায় ৩৫ মিলিয়ন দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১০৫ কোটি টাকা। 

নতুন বছরের শুরুতে ড্র সম্পন্ন হওয়ার পর লটারি বিজয়ী নম্বর ধারির সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগের চেষ্টা করেন অনুষ্ঠানের আয়োজকরা। 

কিন্তু   আয়োজকরা তার সঙ্গে যোগাযোগ ব্যর্থ হন । কারণ, ওই সময় গাড়ি চালাচ্ছিলেন রায়ফুল। বারবার চেষ্টার পর অবশেষে তার সাথে যোগাযোগ করতে সক্ষম হন তারা।

রায়ফুলের লটারির এই নম্বরটি বিজয়ী হলেও পুরস্কারের এই অর্থ এককভাবে পাচ্ছেন না তিনি। কারণ, অনলাইনে এই টিকিটটি কেনা হয়েছিল এক সঙ্গে থাকা ২০ জন বন্ধু মিলে। 

তাই সম্পূর্ণ এই অর্থ ২০ জনের মধ্যেই ভাগ হবে বলে জানিয়েছেন রায়ফুল। গণমাধ্যমকে জানান, তিনি বিগত ১২ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন। 

তিনি বিশ্বাস করতে পারছেন না যে, বিশাল অঙ্কের অর্থ পুরস্কারের এই লটারি জিতেছেন। তিনি জানান এই মুহূর্তে তিনি খুব উত্তেজিত এবং উদ্বেলিত। তিনি আশাই করেননি যে, সেই রাতে বিজয়ীর কলটি তিনিই পাবেন!

লটারিতে জেতা এই টাকা দিয়ে কী করবেন জানতে চাইলে রায়ফুল কিছু জানাননি। তিনি এ বিষয়ে এখনও কোন পরিকল্পনাই করেননি বলে আপাতত জানিয়েছেন।

প্রায় তিন দশক আগে ১৯৯২ সালে আবুধাবি এয়ারপোর্ট ও শহরের প্রমোশনের জন্য ‘বিগ টিকিট আবু ধাবি র‌্যাফল ড্র’ নামের এই লটারি চালু করে দেশটির কর্তৃপক্ষ। 

এর পর থেকে প্রতিমাসে অনুষ্ঠিত হয় লটারির ড্র। যদিও পুরস্কারের মূল্যমান প্রতিনিয়ত পরিবর্তন হয়।

প্রথম স্থানের জন্য পুরস্কারের টাকার মূল্য প্রতিমাসে পরিবর্তন হওয়ার দরুন এবারের প্রথম পুরস্কার ছিল ৩৫ মিলিয়ন দিরহাম। 

এদিকে প্রথম পুরস্কার রায়ফুল জিতলেও জানুয়ারি মাসের দ্বিতীয় পুরস্কার জিতেছেন ভারতীয় নাগরিক উমশাদ উল্লি ভেটিল। 

তিনি পেয়েছেন ১০ লাখ দিরহাম। আরও তিন ভারতীয় নিরশাদ নজর, রবিন কাদিয়ান ও আব্দুল বুরহান জিতেছেন ১ লাখ দিরহাম করে। 





জনপ্রিয়