আজকের খবর


বিপিএলের সমাপনী অনুষ্ঠান মাতাবেন জেমস, থাকছে জমকালো আয়োজন!


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার

বিপিএলের সমাপনী অনুষ্ঠান মাতাবেন জেমস, থাকছে জমকালো আয়োজন!

বিপিএলের শেষদিনে, জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে বিসিবি। যেখানে পারফর্ম করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় ব্যান্ড দল নগরবাউল এবং ওয়ারফেজ।

শেষদিকে বিদেশী তারকা ক্রিকেটারদের আগমনে জমে উঠেছে প্লে-অফের লড়াই। তার উপর বিসিবির এমন উদ্যোগ বিপিএলে যুক্ত করেছে নতুন মাত্রা।

আগামী ১৬ই ফেব্রুয়ারি শিরোপা নির্ধারনী মহারণের মধ্য দিয়ে, পর্দা নামবে বিপিএলের নবম আসরের।

সেদিন ফাইনাল ম্যাচের আগে হবে জমকালো এক কনসার্ট শো। যেখানে মিরপুরের গ্যালারি মাতাবেন দেশসেরা ব্যান্ড ওয়ারফেজ।

সাথে থাকবেন নগর বাউল খ্যাত রকস্টার জেমস এবং ফিডব্যাকের সাবেক সদস্য ও কিংবদন্তি মাকসুদুল হক।

তবে এখানেই শেষ নয়। খেলার পরেও মাঠে উপস্থিত দর্শকদের জন্য থাকবে আরও কিছু চমক।

ম্যাচ শেষে চোখ ধাঁধানো ফায়ার ওয়ার্কস এবং বিম শো-এর মাধ্যমে, মিরপুরের আকাশ আলোয় রাঙিয়ে তুলতে, এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে আয়োজক কমিটি।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী।

তিনি বলেন, ‘বিপিএলের ফাইনালের দিনে আমরা বাড়তি কিছু প্রোগ্রাম আয়োজনের পরিকল্পনা করেছি। দেশের নামকরা যেসব ব্যান্ড রয়েছে, তাদের মধ্যে কয়েক জনকে সঙ্গীত পরিবেশনের জন্য আমন্ত্রণ জানিয়েছি। এছাড়াও আতশবাজি, বিম শো এর মতো কিছু কার্যক্রম থাকবে।’

বিপিএলে আগের আসরগুলোতে সালমান খান, ক্যাটরিনা কাইফ, হৃত্তিক রোশানের মতো, নামিদামি বলিউড তারকারা মঞ্চ মাতিয়ে গেলেও, এবারের আয়োজনে থাকছে না কোনো বিদেশী।

এমনকি অন্যান্য বার বিপিএলের আয়োজনে বিদেশী শিল্পীদের প্রাধান্য দেখা গেলেও, এবার শুধুমাত্র দেশীয়দের নিয়েই ভিন্নধর্মী আয়োজনের কথা চিন্তা করছে বিসিবি।

যদিও কিছুদিন আগেও শোনা যাচ্ছিল, বিপিএলের সমাপনী অনুষ্ঠান মাতাতে আসবেন বলিউড সুন্দরী নোরা ফাতেহি। তবে সেই গুঞ্জন হাওয়ায় মিলিয়ে দিলেন, বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী।

এ ব্যাপারে তিনি বলেন, ‘এই মুহূর্তে বিদেশী শিল্পী আনা একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। বর্তমান প্রেক্ষাপটে এটা তাদের কাছে সম্ভব মনে হচ্ছে না। জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের সঙ্গে তাদের কথা হচ্ছে। আশা করা হচ্ছে তারাই পারফর্ম করবেন।’

এবার বিপিএলের ফাইনাল ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। খেলা শুরুর ঘন্টা তিনেক আগে, কনসার্ট শুরুর পরিকল্পনা করেছে আয়োজক কমিটি।

সেক্ষেত্রে বিকাল সাড়ে ৩টা বা ৪টা নাগাদ শুরু হতে পারে কনসার্ট। এরপর যথারীতি ম্যাচ শেষে, প্রেজেন্টেশনের পর হবে ফায়ার ওয়ার্কস এবং বিম শো।

তবে অবাক করা ব্যাপার হলো, কনসার্ট উপলক্ষে বিসিবি টিকিটের দাম বাড়ানোর তেমন কোনো পরিকল্পনা করছে না বলে জানিয়েছেন, নিজাম উদ্দিন চৌধুরী।

অর্থাৎ এতো সব আয়োজন উপভোগ করতে, বাড়তি কোনো খরচ দিতে হবে না দর্শকদের। ফাইনাল ম্যাচের টিকিটের দামেই, কনসার্টসহ বাকি সব আয়োজন উপভোগ করতে পারবেন দর্শকরা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই। ডিআরএস থেকে শুরু করে আম্পায়ারদের বাজে সিদ্ধান্ত; সবকিছু নিয়েই সমালোচনা ছিল তুঙ্গে।

তবে সব সমালোচনা ছাপিয়ে সমাপনী অনুষ্ঠানে চমক দেখাতে যাচ্ছে বিসিবি। ফাইনালকে উপভোগ্য করে তুলতে, সম্ভাব্য সবকিছুই করার চেষ্টা করছে তারা।

এরই মধ্যে প্রথমবারের মতো মাতৃভাষা দিবসের স্মরণে, গ্রুপ-পর্বের শেষ দিনের খেলায় ভিন্ন রকম আয়োজন করে, প্রশংসা কুড়িয়েছে বিসিবি।





জনপ্রিয়