বাংলাদেশের উন্নয়ন


ডিসেম্বরে চালু হচ্ছে খুলনা-মোংলা রেলপথ।


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৬ আগস্ট ২০২২, ১২:২৪ অপরাহ্ন, শনিবার

ডিসেম্বরে চালু হচ্ছে খুলনা-মোংলা রেলপথ।

চলতি বছরের ডিসেম্বর মাসেই চালু করা হবে খুলনা থেকে মোংলা বন্দর পর্যন্ত নতুন রেলপথ। এখন চলছে শেষ মুহূর্তের কাজ।


এ প্রকল্পের আওতায় খুলনার রুপসা নদীর উপর নির্মিত রেলসেতুটির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে।


গত পহেলা আগস্ট, খুলনা-মোংলা রেলপথ নির্মাণকাজ পরিদর্শনে আসেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। 


এ সময় রূপসা রেলসেতু এলাকায় উপস্থিত সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন তিনি।


এ প্রকল্প বাস্তবায়ন করা হলে দক্ষিণাঞ্চলবাসীদের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নির্মাণকাজ শেষ হলে মোংলা বন্দরের সঙ্গে খুলনাসহ সারা দেশের রেল সংযোগ তৈরি হবে। 


এতে করে একদিকে যেমন যাতায়াত ব্যবস্থা সহজ হবে, তেমনি ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে।


এছাড়া পণ্যবাহী ট্রেন চলাচলের কারণে আগের চেয়ে আরও গতিশীল হবে দেশের অন্যতম সমুদ্রবন্দর মোংলা।


শুধু বাংলাদেশই নয়, অর্থনৈতিকভাবে এ রেললাইনটির উপকার পাবে ভারত, নেপাল এবং ভুটানও। 


কারণ মোংলা বন্দরের সঙ্গে যুক্ত হবে উত্তরাঞ্চলের পঞ্চগড় ও বাংলাবান্ধা হয়ে ভারতে শিলিগুড়ির রেল যোগাযোগ।


ফলে সমুদ্রপথে মোংলা বন্দর থেকে পণ্য আমদানি-রফতানিতে সময় ও খরচ দুটোই তখন কমে আসবে।


এর পাশাপাশি বিভিন্ন স্থান থেকে দেশি-বিদেশি পর্যটকরাও সহজে সুন্দরবন ভ্রমণ করতে পারবেন। 


ফলে রেলওয়ের আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

সব মিলিয়ে আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ রেল প্রকল্পটি।


২০১০ সালে খুলনা-মোংলা রেল লাইন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। দেশের বৃহত্তম সমুদ্র বন্দর মোংলাকে রেল নেটওয়ার্কের সাথে যুক্ত করতে এ প্রকল্প হাতে নেয় সরকার।


প্রকল্পটির কাজ মোট ৩টি ভাগে ভাগ করা হয়। এর মধ্যে রয়েছে রূপসা নদীর উপর রেল সেতু নির্মাণ, মূল রেললাইন স্থাপন এবং টেলিকমিউনিকেশন ও সিগন্যালিং স্থাপন।


লুপ লাইনসহ রেলওয়ে ট্র্যাকের মোট দৈর্ঘ্য ৮৬ দশমিক ৮৭ কিলোমিটার। ৬৪ দশমিক ৭৫ কিলোমিটারে ব্রডগেজ রেলপথ বসানো হয়েছে।


এর মধ্যে রূপসা নদীর ওপর ৫ দশমিক ১৩ কিলোমিটার রেলসেতু নির্মাণ করাটাই ছিলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যেটি পুরোটাই এখন দৃশ্যমান।


এছাড়া ৩১টি ছোট ব্রিজ ও ১১০টি কালভার্ট নির্মাণ এবং খুলনার ফুলতলা থেকে মোংলা পর্যন্ত ৮টি স্টেশন নির্মাণ কাজ শেষ হয়েছে।


খুলনা থেকে মোংলা পর্যন্ত টেলিকমিউনিকেশন ও সিগন্যালিংয়ের কাজও এগিয়ে চলছে। জুলাই মাস পর্যন্ত প্রকল্পের কাজের ভৌত অগ্রগতি হলো ৯৫ শতাংশ।


ভারত সরকারের ঋণসহায়তা চুক্তির আওতায় খুলনা-মোংলা রেল প্রকল্পটি বাস্তবায়ন করছে ভারতীয় প্রতিষ্ঠান লার্সেন অ্যান্ড টার্বো।


শুরুতে মোট ব্যয় ধরা হয় ৩ হাজার ৮০১ কোটি ৬১ লাখ টাকা। আর মেয়াদ ছিলো ২০১৩ সাল পর্যন্ত। 


পরবর্তীতে কয়েক দফা নকশা পরিবর্তন ও নতুন নতুন বিষয় সংযুক্ত হওয়ায় প্রকল্পের মেয়াদ এবং ব্যয় বাড়ানো হয়। 


সর্বশেষ ব্যয় দাঁড়িয়েছে ৪ হাজার ২৬০ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার টাকা। একইসঙ্গে এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়।


সর্বশেষ নির্ধারিত মেয়াদেই কাজ শেষ হবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।



জনপ্রিয়