বাংলাদেশের উন্নয়ন


২০০ কোটি ছাড়াল পদ্মা সেতুর টোল


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৯ সেপ্টেম্বর ২০২২, ০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার

২০০ কোটি ছাড়াল পদ্মা সেতুর টোল

পদ্মা সেতুতে টোল আদায়ের পরিমান ২০০ কোটি টাকা ছাড়িয়েছে। ২৬ জুন যান চলাচল শুরুর পর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সেতু পারাপার হয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ৮৫২টি যানবাহন।

এই সময়ে টোল আদায় হয়েছে ২০১ কোটি ১৩ লাখ ২৭ হাজার ৫০ টাকা। এর মধ্যে সর্বোচ্চ ৭৮ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছে জুলাই মাসে। 

একই মাসে সর্বোচ্চ ৫ লাখ ৮৭ হাজার ২০টি যানবাহন পারাপার হয়েছে পদ্মা সেতু দিয়ে। প্রতিটি যানবাহন থেকে গড়ে ১ হাজার ৩৮৯ টাকা করে টোল আদায় করা হয়েছে। 

এক দিনের হিসেবে ২৬ জুন সেতুতে সর্বোচ্চ ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়। আর টাকার অঙ্কে ৮ জুলাই সর্বোচ্চ ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয় পদ্মা সেতুর দুই প্রান্তে। 

পদ্মা সেতুতে যানবাহনের চাপ আরও বাড়বে। কারণ শিগগিরই চালু হতে যাচ্ছে কালনা সেতু। পদ্মা সেতুতে অতিরিক্ত যানবাহন পারাপার হলে আগামীতে সেতুর রাজস্ব আয় আরও বাড়বে।

এদিকে, এবার পদ্মা সেতু প্রকল্পের কিস্তির প্রায় ৮২৬ কোটি টাকা পরিশোধের পরিকল্পনা করেছে সেতু কর্তৃপক্ষ। সরকারের অর্থবিভাগকে নির্ধারিত সময়ের মাঝেই ঋণের কিস্তি পরিশোধে করতে চায় তারা।  

প্রকল্পের ঋণচুক্তি অনুযায়ী, চলতি অর্থবছর থেকেই ৩৫ বছরে অর্থ বিভাগের ঋণ পরিশোধ করা হবে। আর সুদে-আসলে পরিশোধ করতে হবে প্রায় ৩৬ হাজার ৪০৩ কোটি টাকা। 

ঋণ পরিশোধের নির্ধারিত সময় অনুযায়ী প্রতি অর্থবছরে সর্বনিম্ন ৮২৬ কোটি থেকে সর্বোচ্চ এক হাজার ৪৭৫ কোটি টাকা পরিশোধ করা হবে। 

ত্রৈমাসিক হিসেবে প্রতি বছর চারটি ও ৩৫ বছরে মোট ১৪০টি কিস্তিতে ঋণ পরিশোধ করা হবে। এই ৩৫ বছরে ঋণের টাকা ১ শতাংশ হারে সুদসহ ফেরত দিতে হবে। এরই ধারাবাহিকতায় চলতি অর্থবছরে ৮২৬ কোটি টাকা ঋণ পরিশোধের আশা করছে কর্তৃপক্ষ। 

চুক্তি অনুযায়ী প্রতি কিস্তিতে পৌনে তিনশো কোটি টাকা করে সেতুর ঋণ পরিশোধ করা হলে তা শেষ হতে সময় লাগবে ২০৩৩ সাল পর্যন্ত। 

পরামর্শক প্রতিষ্ঠানে পূর্বাভাস অনুযায়ী, প্রথম বছরে সেতুর টোল আদায় হবার কথা প্রায় দেড় হাজার কোটি টাকা। সে হিসেবে ৩৫ বছরে সেতুটি থেকে আয় হবে ৯০ হাজার কোটি টাকা। 

এদিকে, পদ্মা সেতুতে রেল চালু হলে টোল আদায় আরো বাড়বে বলে আশ্বাস সেতু কর্তৃপক্ষের। সেই সাথে গ্যাস ও ব্রডব্যান্ড লাইন থেকেও টোল আদায় হলে বাড়বে কিস্তির অর্থ পরিশোধের পরিমাণও। 

উদ্বোধনের পর সেতুর নিরাপত্তা নিয়ে সংশয় দেখা গিয়েছিল। বর্তমানে জোরদার করা হচ্ছে নিরাপত্তা। চলতি বছরেই পদ্মা সেতুতে যুক্ত হবে এডভান্স ট্র‍্যাফিক সিস্টেম। বসানো হবে হাই রেজুলেশন ক্যামেরা সিস্টেম।

বর্তমানে সেতুর দুই প্রান্তের টোল প্লাজায় বসানো আছে ৩৪ টি সিসি ক্যামেরা। এছাড়া রোবটিক ক্যামেরা বসানোর প্রক্রিয়াও চলছে বলে জানায় কর্তৃপক্ষ। 

রাজস্ব আদায়ের দিক থেকে সেতু চালুর পর জুন মাসের ৫ দিনে ২৩ হাজার ৪২১ গড়ে পদ্মা সেতু পারাপার হয় মটরসাইকেলসহ ১ লাখ ১৭ হাজার ১০৪ টি যানবাহন। এই মাসে রাজস্ব আদায় হয়েছে ১০ কোটি ১৪ লাখ ১ হাজার টাকা। 

জুলাই মাসের ৩১ দিনে যানবাহন পারাপার হয় ৫ লাখ ৮৭ হাজার ২০টি। ওই মাসে টোল আদায় হয় ৭৮ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৪০০ টাকা। 

আগস্ট মাসের ৩১ দিনে সেতু পারাপার হওয়া ৪ লাখ ১২ হাজার ৩০৩টি যানবাহন থেকে টোল বাবাদ আদায় হয় ৬১ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা। 

সেপ্টেম্বর মাসের প্রথম ২৬ দিনের তথ্য অনুযায়ী পদ্মা সেতু পার হওয়া ৩ লাখ ৩১ হাজার ৪২৫টি যানবাহন থেকে টোল আদায় হয় ৫০ কোটি ৫১ লাখ ৭১ হাজার ৪০০ টাকা।

পদ্মা সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। খরস্রোতা পদ্মা নদীর ওপর ৩০ হাজার ১৯৩ কোটি টাকা নিজস্ব অর্থায়নে নির্মাণ হয়েছে স্বপ্নের এ সেতু। 

২০১৪ সালে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। এ বছর ২৫ জুন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন পদ্মা সেতু। একদিন পরেই ২৬ জুন ভোর থেকে শুরু হয় সাধারণ যানবাহন চলাচল। 

সেতু চালু হবার পর এখন পর্যন্ত চারটি দূর্ঘটনায় প্রাণ হারিয়েছে চারজন। প্রথম দিনের মর্মান্তিক এক দূর্ঘটনার পরই সেতুটিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় বাইক চলাচল। 

শুরুর দিকে কিছু দূর্ঘটনা ছাড়া নির্বিঘ্নে এখন দিনরাত অবিরাম চলছে যানবাহন। দক্ষিণের ২১ জেলার সঙ্গে রাজধানীর সরাসরি যোগাযোগ স্থাপনে অনেক কিছুই বদলে যাচ্ছে। আর এতে দিন বদলের হাওয়া বইছে চারদিকে।




জনপ্রিয়