সারাদেশ


তথ্য চাওয়ায় ৫ সাংবাদিককে আটকে রাখলেন এসিল্যান্ড


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৫ মার্চ ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার

তথ্য চাওয়ায় ৫ সাংবাদিককে আটকে রাখলেন এসিল্যান্ড
মাহমুদুল হক, লালমনিরহাট প্রতিনিধি: জমি খারিজ সংক্রান্ত তথ্য জানতে চাওয়ায়, পাঁচ সাংবাদিককে নিজ অফিসে আটকে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ করে জেলে পাঠানোর হুমকি দেওয়া অভিযোগ উঠেছে লালমনিরহাটের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-নোমান সরকারের বিরুদ্ধে।

বৃহস্পতিবার(১৪ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সাংবাদিকরা জানান,  এসিল্যান্ড অফিসের তিনজন অফিস সহকারী ভূমি সংক্রান্ত শুনানি করছিলেন। সেখানে এসিল্যান্ড উপস্থিত ছিলেন না। মাইটিভি ও ডেইলি অবজারভার পত্রিকার প্রতিবেদক মাহফুজ সাজু ওই শুনানির ভিডিও ধারণ করেন। এতে অফিস সহকারীরা ক্ষুব্ধ হয়ে এসিল্যান্ডকে ডেকে আনেন।

তারা জানান, এসিল্যান্ড আব্দুল্লাহ-আল-নোমান সরকার আসার পর মাহফুজ সাজু জানতে চান যে এসিল্যান্ডের অনুপস্থিতিতে অফিস সহকারীরা ভূমি সংক্রান্ত শুনানি করতে পারেন কি না। এই প্রশ্ন করায় এসিল্যান্ড ক্ষিপ্ত হন এবং তার নির্দেশে অফিস ভবনের ফটকে তালা লাগিয়ে মাহফুজ সাজুকে আটকে রাখা হয়। এ খবর পেয়ে সাংবাদিক নিয়ন দুলাল, এসকে সাহেদ, ফারুক আহমেদ ও কাওছার আহমেদ ঘটনাস্থলে গেলে তাদেরকেও আটকে রাখা হয়।

ভুক্তভোগী সাংবাদিক মাহফুজ সাজু বলেন, 'সেবাগ্রহীতাদের সঙ্গে প্রতিনিয়ত খারাপ আচরণ করা হয় এসিল্যান্ড অফিসে। এ বিষয়ে তথ্য নিতে গিয়ে সত্যতা পাই। সেইসঙ্গে দেখতে পাই যে এসিল্যান্ডের অনুপস্থিতিতে শুনানি হচ্ছে। এ বিষয়ে তথ্য চাইতেই এসিল্যান্ড আমাকে এবং পরবর্তীতে আমার সহকর্মীদেরও আটকে রাখেন।'

তিনি বলেন, 'এসিল্যান্ড সাংবাদিকদের সম্পর্কে খুবই অপ্রীতিকর মন্তব্য করেছেন। তিনি আমাদেরকে জেলে পাঠানোর হুমকিও দিয়েছেন।'
দৈনিক কালবেলা পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি এসকে সাহেদ বলেন, 'এসিল্যান্ড খুবই রূঢ় আচরণ করেছেন। সাংবাদিক সম্পর্কে এত কুরুচিকর মন্তব্য একজন সরকারি কর্মকর্তা করতে পারেন, তা ভাবতেও পারিনি। সেবা নিতে আসা মানুষের সঙ্গে খারাপ আচরণ করার তথ্য সংগ্রহ করায় তিনি সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ হন।'

পরে ওই পাঁচ সাংবাদিককে আটকে রাখার প্রায় ৪০ মিনিট পর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অফিস গেটের তালা খুলে তাদের মুক্ত করেন।

অতিরিক্ত জেলা প্রশাসকের উপস্থিতিতেও এসিল্যান্ড আব্দুল্লাহ-আল-নোমান সাংবাদিকদের অপদস্থ করেন। এ সময় সাংবাদিকরা ঘটনাস্থলে অবস্থান নিলে অতিরিক্ত জেলা প্রশাসক পরিস্থিতি শান্ত করেন এবং জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
কিন্তু সাংবাদিকসহ সবাই ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর সবার শেষে ঘটনাস্থল ত্যাগ করা একটি টেলিভিশনের ক্যামেরাপার্সনের মোটরসাইকেল আটকে ৫ হাজার টাকা জরিমানা করেন এসিল্যান্ড আব্দুল্লাহ-আল-নোমান সরকার।
চ্যানেল আইয়ের সেই ক্যামেরাপার্সন আব্দুল মান্নান বলেন, 'আমার মোটরসাইকেলের সব কাগজপত্রই আছে। কিন্তু ঘটনার সময় সেগুলো সঙ্গে ছিল না। আমি এসিল্যান্ডের কাছে মাত্র ১০ মিনিট সময় চেয়েছিলাম কাগজগুলো আনাতে। কিন্তু তিনি সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ থাকায় আমাকে সেই ১০টা মিনিট সময়ও দেননি, ৫ হাজার টাকা জরিমানা করেছেন।'
এ ঘটনার পর সাংবাদিকরা শহরের মিশনমোড়ে লালমনিরহাট-বুড়িমারী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। দুপুর ২টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত এসিল্যান্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে সাংবাদিকরা অবস্থান ধর্মঘট তুলে নেন।

প্রেসক্লাবের  আহ্বায়ক এবং এটিএন বাংলা টেলিভিশন ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন বলেন, 'জেলা প্রশাসক এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। শনিবারের মধ্যে কোনো ব্যবস্থা নেওয়া না হলে আমরা আন্দোলনে যাব।'

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

এক যুগ পর উৎসবমুখর পরিবেশে শেষ হলো চট্টগ্রাম চেম্বারের ভোটগ্রহণ

দীর্ঘ এক যুগ পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ–এর দ্বিবার্ষিক নির্বাচন। শনিবার বিকেল ৪টায় নগরের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভোটগ্রহণ শেষ হয়।

কুষ্টিয়ায় ট্রেনের ছাদে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ

কুষ্টিয়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে নুরুল ইসলাম নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দোয়ারাবাজারে হাওরে হাঁস রাখতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হাওরে হাঁস রাখতে গিয়ে বজ্রপাতে সফিক মিয়া নামে এক হাঁস খামারির মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সুঁড়িগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

মনপুরায় ১০ পিস ইয়াবাসহ যুবক আটক, পুলিশের কাছে হস্তান্তর

ভোলার মনপুরা উপজেলায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার হাজীরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।