
দ্বন্দ্ব, সংঘাত, মানবাধিকার লঙ্ঘণ ও নিপীড়নের কারনে বিশ্বে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রথমবারের মতো ১০ কোটিরও বেশি ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার।
সোমবার (২৩ মে) জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) প্রধান ফিলিপ্পো গ্রান্ডি এ তথ্য জানান। এছাড়া চলমান রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ এ সংকটকে আরও তীব্র করেছে।
ইউএনএইচসিআরের দাবী, ২০২১ সালের শেষ নাগাদ জোরপূর্বক বাস্তুচ্যুত লোকের সংখ্যা বেড়ে হয়েছিল নয় কোটি। ইথিওপিয়া, বুরকিনা ফাসো, মিয়ানমার, নাইজেরিয়া, আফগানিস্তান ও কংগো প্রজাতন্ত্রের সংঘাতই ছিল বাস্তুচ্যুতির বড় কারণ।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালায়। এরপর থেকে দেশটির মধ্যেই ৮০ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া ৬০ লাখেরও বেশি লোক সীমান্ত পাড়ি দিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে। যদি সংঘাতের কারণে ধ্বংসযজ্ঞ না থামানো যায় এ সংখ্যা আরও বাড়তে পারে।
ইউএনএইচসিআরের প্রধান ফিলিপ্পো গ্রান্ডি বলেন, ১০ কোটির এই সংখ্যা একটি ভয়াবহ চিত্র। এই রেকর্ড তৈরি হওয়া উচিত ছিল না।
তিনি আরও বলেন, ভয়াবহ এই সংঘাত নিরসনে এ চিত্রকে সতর্কবার্তা হিসেবে ব্যবহার করতে হবে। নিরীহ জনগণ কেন ঘর ছাড়ছে তার অন্তর্নিহিত কারণগুলোও মোকাবেলা করতে হবে।


