
রানওয়ে থেকে স্বাভাবিকভাবেই টেক অফ করে জার্মান লজিস্টিক জায়ান্ট ডিএইচএল এর একটি কার্গো বিমান। কিন্তু কিছুক্ষণ পরেই বিমানটিতে দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। তাই জরুরি অবতরণের জন্য ফের বিমানবন্দরে ফিরে আসে। কিন্তু অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে দুই টুকরো হয়ে যায় হলুদ রঙের বিমানটি।
কোস্টারিকার সান জোসে আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। তবে দুর্ঘটনার কারণে ওইদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ ছিল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বোয়িং-৭৫৭ বিমানটি সকালে সান জোসের বাইরে জুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ণ করে। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তা মিনিট পরেই আবার সান জোসে আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।
খবরে আরো বলা হয়, জরুরি অবতরণের সময় ডিএইচএল এর ওই বিমানটি থেকে ধোঁয়া বের হচ্ছিল। এক পর্যায়ে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে দুই টুকরো হয়ে যায়।
এ বিষয়ে কোস্টারিকার দমকল বাহিনীর প্রধান হেক্টর শ্যাভেস জানিয়েছেন, বিমানটিতে দুইজন ক্রু ছিল। দুইজনেই ভালো আছেন।



