

শুধুমাত্র একজনের বেতনের টাকা দিয়েই বানানো যাবে বুরজ খলিফার মতো কয়েকটি টাওয়ার। এমন আকাশচুম্বী বেতন পান পৃথিবীর কিছু মানুষ। সম্প্রতি বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া প্রধান নির্বাহী অফিসার দের তালিকা প্রকাশ করেছে ব্লুমবার্গ। যাদের সর্বনিম্ন বেতনই হাজার কোটি টাকার বেশি। তালিকার সবচেয়ে উপরের স্থাণে রয়েছেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা এবং প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তার বার্ষিক বেতনের পরিমান বাংলাদেশি মুদ্রায় ৯৫ হাজার কোটি টাকার বেশি। বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তির এক বছরের বেতনের টাকায় নির্মান করা যাবে তিন তিনটি পদ্মাসেতু। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন আরেকজন আমেরিকান রবার্ট স্ক্যারিঞ্জে। তিনি ‘রিভিয়ান অটোমোটিভ’ নামের একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সিইও। বাংলাদেশি মুদ্রার হিসাবে তার বাৎসরিক বেতনের পরিমান ২১ হাজার কোটি টাকা। বিশ্বের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত সিইও দের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। তার আগে এই পদে দায়িত্ব পালন করেছিলেন স্টিভ জবস। যার মৃত্যু হবার পর অনেকেই ধারণা ছিলো অ্যাপলের দিন শেষ হয়ে গেছে। এমন কিছু লক্ষণ ও দেখা গিয়েছিলো বাজারে। তবে সেই অবস্থা থেকে বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানির জায়গা নিয়েছে অ্যাপল। বর্তমানে এটির বাজার মূল্য কানাডা কিংবা স্পেনের মতো দেশের জিডিপি থেকেও বেশি। অ্যাপলের এমন অসাধারণ এগিয়ে চলার পিছনে অগ্রণী ভুমিকা রেখেছেন টিম কুক। এর বিনিময় হিসাবে তার বেতনের পরিমান ও আকাশ ছোঁয়া। ব্লুমবার্গ এর তথ্য অনুযায়ী অ্যাপলের এই প্রধান নির্বাহীর বেতন বাৎসরিক প্রায় ৮ হাজার কোটি টাকার বেশি। তার পরের স্থানে রয়েছেন পিটার রলিনসন। বাংলাদেশি মুদ্রায় তার বার্ষিক বেতন প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকার মতো। তিনি লুসিড নামের একটি কোম্পানির সিইও। টেসলার মতো এই কোম্পানিও বৈদ্যুতিক গাড়ির বাজারে এগিয়ে রয়েছে। পিটার রলিনসন গতবছর শুধু বোনাস হিসাবে পেয়েছেন দুইশো ষাট মিলিয়ন মার্কিন ডলার। ব্লুমবার্গ এর তালিকায় পঞ্চম স্থানে রয়েছে টম সিয়েবেলের নাম। তিনি একটি সফটওয়্যার নির্মাতা সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা। যার বার্ষিক বেতনের পরিমান ৩ হাজার ২০০ কোটি টাকা থেকেও বেশি। টম সিয়েবেল নামের এই ব্যক্তি আগে ছিলেন ওরাকল কোম্পানির সামান্য একজন সেলস মেন। ১৯৯০ সালে সেই চাকরি ছেড়ে তিনি প্রতিষ্ঠা করেন নিজের কোম্পানি সিয়েবেল সিস্টেমস। যেটি পরবর্তীতে ওরাকল কিনে নিয়েছিলো ৫ দশমিক ৮ বিলিয়ন ডলারে। বর্তমানে নিজের প্রতিষ্ঠিত আরেকটি সফটওয়ার কোম্পানিতে প্রধান নির্বাহী হিসাবে রয়েছেন টম সিয়েবেল। এই তালিকার একমাত্র নারী হিসাবে ষষ্ট স্থানে রয়েছেন সুয়ে নাবি। তিনি একটি উন্নত মানের প্রসাধনী সামগ্রী নির্মাতা কোম্পানির প্রধান নির্বাহী। ব্লুমবার্গ এর তালিকায় মোট ১৪ জনের নাম রাখা হয়েছে। এর মধ্যে একমাত্র নারী সুয়ে নাবি। বাংলাদেশি মুদ্রায় তার বার্ষিক বেতন প্রায় দুই হাজার ৬০০ কোটি টাকা। প্রভাবশালী গনমাধ্যম ব্লুমবার্গ এর তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া প্রধান নির্বাহীদের তালিকায় প্রযুক্তি বিষয়ক কোম্পানির দখল সবচেয়ে বেশি। তালিকার প্রথম সেরা পাচ জনের মধ্যে তিনজন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সিইও। এছাড়া প্রযুক্তি বিষয়ক কোম্পানির আরো দুইজন প্রধান নির্বাহী স্থান করে নিয়েছেন তালিকার সেরা সাতে।



