আজকের খবর


কোরআন প্রতিযোগিতায় আবারও বিশ্বজয় হাফেজ তাকরীমের


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৬ এপ্রিল ২০২৩, ০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার

কোরআন প্রতিযোগিতায় আবারও বিশ্বজয় হাফেজ তাকরীমের
আবারো লাল সবুজের পতাকাকে বিশ্ব দরবারে সম্মানিত করে তুললো হাফেজ সালেহ আহমদ তাকরিম।এবার দুবাইয়ে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নেয় ১৩ বছর বয়সী এ কিশোর।সম্প্রতি শেষ হলো দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ২৬তম পর্ব। আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেয় সারা বিশ্বের অসংখ্য হাফেজ।এদের সবাইকে টপকে প্রথম স্থান অর্জন বিশ্ববাসীকে তাক লাগালেন বাংলাদেশের তাকরিম।গত ৪ এপ্রিল মঙ্গলবার বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।তাকরিমের ১ম স্থান অর্জন করার বিষয়টি নিশ্চিত করেছেন মারকাযু ফয়জিল কোরআনের শিক্ষক হাফেজ আব্দুল্লাহ আল মামুন।ফেসবুকে পোস্টের মাধ্যমে এ সুখবর জানান তিনি। তার পোস্টের পর থেকেই হাফেজ তাকরিমকে নিয়ে নেটিজনরা প্রশংসায় ভাসাচ্ছেন।

সবাই তার মঙ্গল কামনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। কেউ কেউ তাঁকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়ার দাবিও জানান।গত ২৪ মার্চ থেকে পবিত্র রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হয় বিশ্বের সবচেয়ে বড় এ কোরআন প্রতিযোগিতা।প্রতিযোগিতার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের শিক্ষার্থী।

গত ১২ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের এক প্রতিযোগিতার মাধ্যমে তাকে নির্বাচিত করা হয়।এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দুবাই যান তাকরিম।২ রমজান থেকে শুরু হওয়া এ প্রতিযোগীতা চলে ১৩ রমজান পর্যন্ত। প্রতিযোগিতায় ২য় স্থান লাভ করে ইথিওপিয়ার আব্বাস হাদি উমর ও ৩য় স্থান লাভ করে সৌদি আরবের খালিদ সুলাইমান সালিহ আল-বারকানি।

যেখানে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান কোরআন বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন।যাদের মধ্যে মুল বিচারক প্যানেলে ছিলেন শায়খ শোয়াইব মোহাম্মদ আল আজহারি নামে এক বাংলাদেশিও।এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিভিন্ন জায়গায় কুরআন তেলওয়াত করে সবার নজড় কেড়েছিলেন খুদে হাফেজ তাকরিম।

এর আগে গত বছরের ৫ মার্চ ইরানের তেহরানে অনুষ্ঠিত হয় ৩৮ তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা। এতে অংশ নিয়ে হাফিজ  সালেহ আহমাদ তাকরীম ২৯টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হন।

একই বছর ২২ মে মাসে লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৪৫টি দেশকে পিছনে ফেলে সপ্তম স্থান অর্জন করেন তাকরিম। শুধু তাই নয়, এর পাশাপাশি সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবেও বিশেষ সম্মাননা অর্জন করেন তাকরিম।

এরপর সেপ্টেম্বরে মক্কায় অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকার করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে ছোট্ট এ কিশোর।

২০২০ সালের পবিত্র রমজান মাসে বাংলাভিশন টেলিভিশন আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হয় সালেহ আহমাদ তাকরিম।

১৩ বছর বয়সি এই হাফেজ, ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামি মাদরাসার একজন শিক্ষার্থী। মাত্র সাড়ে ৯ বছর বয়সে সম্পূর্ণ কুরআন মুখস্ত করে ফেলেছিলেন তিনি।

সালেহ আহমদ তাকরিম টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।তার বাবা আব্দুর রহমানও একজন হাফেজ।বর্তমানে তিনি মাদরাসার শিক্ষক হিসেবে নিযুক্ত আছেন।

আর তাকরিমের মা একজন গৃহিণী। ছেলের এমন একের পর এক দুর্দান্ত সাফল্যে তারা দু'জনই ভীষণ খুশি।



জনপ্রিয়