রমজান মাস এলেই ইফতারে বিরিয়ানি পরিবেশন করা হচ্ছে এমন খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলে নানা আলোচনা ও রসিকতা। এবার সেই কৌতূহলকে প্রযুক্তির মাধ্যমে বাস্তব রূপ দিলেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ‘বিরিয়ানি দিবে’ নামে একটি অ্যাপ ও ওয়েবসাইট চালু করে ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছেন তিনি।
অ্যাপটির নির্মাতা আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। মূলত ব্যক্তিগত উদ্যোগে এবং ‘ফান প্রজেক্ট’ হিসেবে অ্যাপটি তৈরি করলেও অল্প সময়ের মধ্যেই এটি নেটিজেনদের নজর কাড়ে।
‘বিরিয়ানি দিবে’ অ্যাপ ও ওয়েবসাইটে ব্যবহারকারীরা লাইভ লোকেশন যুক্ত করতে পারেন। কোনো মসজিদে ইফতারে বিরিয়ানি পরিবেশন করা হলে যে কেউ সেই তথ্য অ্যাপে আপলোড করতে পারবেন। এরপর অন্যান্য ব্যবহারকারীরা মানচিত্রের মাধ্যমে দেখে নিতে পারবেন কোথায় বিরিয়ানি দেওয়া হচ্ছে।
অ্যাপটির মাধ্যমে নির্দিষ্ট স্থান চিহ্নিত করে সরাসরি সেখানে যাওয়ার সুযোগও রয়েছে। ফলে ইফতার আয়োজন সংক্রান্ত তথ্য দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
অ্যাপটির উদ্যোক্তা আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স বলেন, “রমজান মাসে কোন মসজিদে বিরিয়ানি দেওয়া হচ্ছে এ নিয়ে প্রতিবছরই সামাজিক মাধ্যমে নানা আলোচনা হয়। বিষয়টিকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে এবং প্রযুক্তির মাধ্যমে ছোট একটি তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া।”
তিনি আরও জানান, এটি মূলত একটি বিনোদনধর্মী উদ্যোগ হলেও ব্যবহারকারীদের ইতিবাচক সাড়া তাকে উৎসাহিত করেছে।
প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাপটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকে একে রমজানের আনন্দঘন পরিবেশে প্রযুক্তির সৃজনশীল প্রয়োগ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ বিষয়টিকে নিছক মজার উদ্যোগ হিসেবেই গ্রহণ করছেন।
বাঙালির কাছে বিরিয়ানি শুধু একটি খাবার নয়, এক ধরনের আবেগও বটে। রমজান মাসে ইফতারের আয়োজনে সেই আবেগকে প্রযুক্তির সঙ্গে যুক্ত করে নতুন মাত্রা যোগ করেছে ‘বিরিয়ানি দিবে’ অ্যাপটি।










