জাতীয়
প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৫-১৭টি চুক্তি, আলোচনায় থাকবে তিস্তা প্রকল্পও

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা নদী প্রকল্পসহ অবকাঠামো, বিনিয়োগ, প্রযুক্তি ও আঞ্চলিক সংযোগের বিভিন্ন বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
রোববার শুরু হতে যাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন তিনি।
পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশ ও চীনের মধ্যে মোট ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের প্রস্তুতি চলছে। এর মধ্যে রয়েছে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি আনুষ্ঠানিক চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকল।
তিনি বলেন, “দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এসব দলিল স্বাক্ষর করা হবে।”
এক প্রশ্নের জবাবে আসাদ আলম সিয়াম বলেন, বহুল আলোচিত তিস্তা প্রকল্পও সফরের আলোচ্যসূচিতে রয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। মালয়েশিয়া সফর শেষে সোমবার বিকেলে তিনি চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের আমন্ত্রণে চীনের উদ্দেশে রওনা হবেন।
পররাষ্ট্র সচিব উল্লেখ করেন, “চলতি বছরের ফেব্রুয়ারিতে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। ফলে সফরটি কূটনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও জানান, দুই দেশ সফরে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল তুলনামূলকভাবে ছোট রাখা হয়েছে। উভয় সফরেই প্রতিনিধি দলের সদস্য সংখ্যা ২৭ থেকে ২৮ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে।
“আমরা প্রতিনিধি দলকে যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করেছি,” বলেন তিনি।
সরকারের দৃষ্টিতে এ সফরকে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণ, বাণিজ্য সম্প্রসারণ, উন্নয়ন সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক সংযোগ জোরদারের লক্ষ্য সামনে রেখেই সফরসূচি সাজানো হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব।
চীন সফরের অংশ হিসেবে আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। পরদিন ২৬ জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এছাড়া সফরকালে প্রধানমন্ত্রী লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিতব্য ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে, যা ‘সামার দাভোস’ নামেও পরিচিত, অংশগ্রহণ করবেন। ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত চলা এই আন্তর্জাতিক ফোরামের এবারের প্রতিপাদ্য ‘ইনোভেটিং অ্যাট স্কেল’।
ফোরামে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি অংশ নেবেন। সেখানে বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিল্পায়ন এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হবে।
মালয়েশিয়া সফরে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে সহযোগিতা বৃদ্ধি এবং বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি গুরুত্ব পাবে। অন্যদিকে চীন সফরে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত সহযোগিতা, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং উন্নয়ন অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, এই সফরের মাধ্যমে মালয়েশিয়া ও চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে এবং বিভিন্ন খাতে নতুন সহযোগিতার দ্বার উন্মোচিত হবে।
সফর শেষে আগামী শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কূটনীতি ও অন্যান্য অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়) এ কে এম শহিদুল করিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার
ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন
জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

কাদেরসহ ৭ জনের মামলায় সাক্ষ্য শেষ
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৪ আগস্ট দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।




