দেশের বাজারে টানা দুই দফা স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা।

শনিবার (২০ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। সংগঠনটি জানায়, নতুন এ মূল্য ওইদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। ফলে আজ রোববার (২১ জুন) দেশের বাজারে নির্ধারিত এই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। এ কারণে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

citytouch 728-X-90

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।

স্বর্ণের দাম ওঠানামার ধারাবাহিকতায় চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৭৮ বার মূল্য সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৯ দফা দাম বাড়ানো হয়েছে, ৩৮ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছিল, আর ২৯ বার কমানো হয়েছিল।

বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য এবং স্থানীয় বাজারে পিওর গোল্ডের দামের পরিবর্তনের প্রভাবেই দেশের বাজারে স্বর্ণের দাম নিয়মিত সমন্বয় করা হচ্ছে।