বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম কমে যায়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা এবং মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ আংশিক পুনরুদ্ধারের আশায় বাজারে দাম কমেছে। একই সময়ে ইয়েমেনের হুতিদের হামলা অব্যাহত থাকলেও সৌদি আরবের তেল রপ্তানি কিছুটা বেড়েছে।
সকালে ব্রেন্ট ক্রুড ফিউচারস ২.১৬ ডলার বা ২.০৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০১.৭১ ডলারে নেমে আসে। অন্যদিকে ডব্লিউটিআই ক্রুডের দাম ২.১৫ ডলার বা ২.১৪ শতাংশ কমে ৯৮.১৫ ডলারে দাঁড়ায়।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে বলেন, তেলের দাম থেকে কিছুটা ‘রিস্ক প্রিমিয়াম’ বা ঝুঁকিজনিত বাড়তি মূল্য সরে যাচ্ছে। যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে চলতি সপ্তাহে কূটনৈতিক পথ বের হওয়ার সম্ভাবনাই এর পেছনে কাজ করছে বলে তিনি মনে করেন।
তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো অস্থির। রয়টার্স জানিয়েছে, হুতিদের হামলা ও উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা অব্যাহত থাকলেও সৌদি আরবের তেল রপ্তানি সেপ্টেম্বরে দৈনিক ৪০ লাখ ব্যারেলের বেশি হয়েছে, যা আগস্টের দৈনিক ২৪ লাখ ব্যারেলের তুলনায় উল্লেখযোগ্য বেশি।









