কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। এ ঘটনায় সরব হয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদও।

শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে অপ্রতিমের মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ক্ষোভ জানান ইরফান। তিনি লেখেন, “বাংলাদেশি হিসেবে সবচেয়ে বড় স্বপ্ন হওয়া উচিত বাংলাদেশই ছেড়ে দেওয়া” এবং নিরাপদ বাংলাদেশ গড়ে না ওঠায় হতাশা প্রকাশ করেন।

citytouch 728-X-90

পোস্টের শেষাংশে ইরফান লেখেন, “যদি সামর্থ্য থাকে সুযোগ থাকে এই দেশ ছেড়ে ভাগেন। যাতে আপনার সন্তানকেও অলস শুক্রবারের দুপুরবেলা বাসা থেকে বের হয়ে লাশ হয়ে ফিরে আসতে না হয়।”

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার উদ্দেশে বাসা থেকে বের হয়েছিল অপ্রতিম। এরপর তার সন্ধান না পেয়ে বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। অপ্রতিমের মা-ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের নিখোঁজের খবর জানিয়ে সন্ধান চেয়েছিলেন।

পরে শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের লালমাই সানন্দা পাহাড় এলাকার জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তাধীন।