রাজশাহীর তানোরে দুটি এনজিওর পরিচালনা পর্ষদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর পলাশ আহমেদ (২৫) নামে এনসিপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে পাঁচন্দর থানতালা গ্রামে যাওয়ার পথে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

আহত পলাশ তানোর উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক এবং ‘ফেমাস’ এনজিওর সাবেক কর্মচারী। বর্তমানে তিনি তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গেছে, মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাঁর মাথায় পাঁচটি সেলাই দিতে হয়েছে।

citytouch 728-X-90

ঘটনার পর শনিবার (১৯ সেপ্টেম্বর) পলাশের বাবা আব্দুল লতিফ (৫৪) বাদী হয়ে তানোর থানায় মামলা করেন। মামলায় ‘ফেমাস’ ও ‘দিশা’ এনজিওর শীর্ষ পর্যায়ের সাত কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, চাকরি থেকে অব্যাহতি পাওয়ার পর এনজিও দুটির অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে পলাশের সঙ্গে পরিচালনা পর্ষদের বিরোধ চলছিল। এরই মধ্যে তিনি থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ দেওয়ার খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে আসামিরা তাঁর ওপর হামলা চালান বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

মামলায় আসামিরা হলেন—ফেমাস এনজিওর ব্যবস্থাপনা পরিচালক ও দিশার নির্বাহী পরিচালক আশরাফুল আলম, ফেমাসের চেয়ারম্যান আফজাল হোসেন, অর্থ পরিচালক ও দিশার সভাপতি মোস্তাফিজুর রহমান, ফেমাসের কোষাধ্যক্ষ আফসার আলী, দিশার সমন্বয়কারী আনোয়ার হোসেন, সহকারী শাখা ব্যবস্থাপক হাবিব আলী এবং আঞ্চলিক ব্যবস্থাপক আপেল মাহমুদ

তবে অভিযোগ অস্বীকার করেছেন ফেমাস এনজিওর ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম। তিনি জানান, ঘটনার সময় তিনি রাজশাহী নগরীতে ছিলেন না। পলাশের ওপর হামলার কথা শুনেছেন, তবে তিনি বা মামলার অন্য আসামিরা হামলার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ঘটনার পর মামলা নথিভুক্ত করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।