কক্সবাজারের উখিয়ায় ছিনতাই বা অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করা অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পালংখালী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

citytouch 728-X-90

পুলিশ জানায়, ছিনতাই বা অপরাধ সংঘটনের উদ্দেশ্যে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি ওই এলাকায় অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে তথ্যের সত্যতা যাচাই ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বালুখালী ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত ব্যক্তিরা পালিয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি পুরাতন পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা তৈরি করে অস্ত্রটি জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।