চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জনসংযোগ) মোহাম্মদ রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৪টা থেকে জঙ্গল সলিমপুরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান ও তল্লাশি চলছে।
পুলিশ জানায়, চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে পুলিশ, এসআরবি ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে জঙ্গল সলিমপুরের বিভিন্ন দিক থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এলাকায় প্রবেশ করতে দেখা যায়। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।
সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে অপরাধীদের তৎপরতা ও অবৈধ দখলের অভিযোগে আলোচিত। পাহাড়ি ও খাস জমি হওয়ায় এলাকায় দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে বসতিও গড়ে উঠেছে।
অভিযান বর্তমানে চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।










