বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়ে চার পদে মোট ৩৪৭ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। এ জন্য ১৬তম ও ২০তম গ্রেডে দুটি পৃথক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদ ও বেতন

  • জুনিয়র অডিটর (গ্রেড-১৬): ৭০টি পদ। বেতন স্কেল ২১,৯০০–৫২,৯০০ টাকা।
  • কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬): ৬২টি পদ। বেতন স্কেল ২১,৯০০–৫২,৯০০ টাকা।
  • ড্রাইভার (গ্রেড-১৬): ৬টি পদ। বেতন স্কেল ২১,৯০০–৫২,৯০০ টাকা।
  • অফিস সহায়ক (গ্রেড-২০): ২০৯টি পদ। বেতন স্কেল ২০,০০০–৪৮,৪০০ টাকা।

আবেদনের যোগ্যতা

জুনিয়র অডিটর: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস হতে হবে। বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। পাশাপাশি নির্ধারিত স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

কম্পিউটার মুদ্রাক্ষরিক: এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতার পাশাপাশি প্রতি মিনিটে ইংরেজিতে কমপক্ষে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে। এ পদেও নির্ধারিত স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

ড্রাইভার: জেএসসি বা সমমান পাস হতে হবে। হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স এবং গাড়ি চালানোর কাজে অন্তত তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

অফিস সহায়ক: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

বয়সসীমা ও অন্যান্য শর্ত

আবেদনকারীর বয়স ২৫ নভেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময়ও অনুমতিপত্র দেখাতে হবে। আবেদনপত্রে ভুল, অসম্পূর্ণ বা অসত্য তথ্য পাওয়া গেলে আবেদন বাতিল হতে পারে। নিয়োগের পর এমন তথ্য ধরা পড়লেও নিয়োগ বাতিলের সুযোগ রয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো যাতায়াত বা দৈনিক ভাতা দেওয়া হবে না।

আবেদন ও সময়সীমা

আবেদন করতে হবে টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে: https://cag.teletalk.com.bd

আবেদন শুরু হয়েছে ৩ নভেম্বর ২০২৬ সকাল ১০টায়। শেষ সময় ২৫ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা।

আবেদনের সময় সদ্য তোলা রঙিন ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। ছবির মাপ ৩০০×৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ ৩০০×৮০ পিক্সেল হতে হবে। ছবির ফাইল সর্বোচ্চ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের ফাইল সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে।

আবেদন Submit করার পর ছবিসহ Applicant's Copy ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।

আবেদন ফি জমা দেবেন যেভাবে

আবেদন জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটকের প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

  • জুনিয়র অডিটর ও কম্পিউটার মুদ্রাক্ষরিক: আবেদন ফি ১০০ টাকা, সার্ভিস চার্জ ১২ টাকা; মোট ১১২ টাকা।
  • অফিস সহায়ক: আবেদন ফি ৫০ টাকা, সার্ভিস চার্জ ৬ টাকা; মোট ৫৬ টাকা।

ফি জমা দিতে প্রথমে CAG লিখে স্পেস দিয়ে Applicant's Copy-তে পাওয়া User ID লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে PIN নম্বর ও ফি-সংক্রান্ত তথ্য জানানো হবে।

এরপর CAG লিখে স্পেস দিয়ে YES, আবার স্পেস দিয়ে পাওয়া PIN নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফি সফলভাবে জমা হলে ফিরতি এসএমএসে User ID ও Password পাওয়া যাবে।

প্রবেশপত্র ও পরীক্ষার তথ্য

প্রবেশপত্র ডাউনলোডের সময় আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে। তাই আবেদনপত্রে দেওয়া নম্বরটি সচল রাখতে হবে। এসএমএসে পাওয়া User ID ও Password দিয়ে নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে হবে।

প্রবেশপত্রে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের তথ্য থাকবে।

মৌখিক পরীক্ষায় প্রয়োজনীয় কাগজপত্র

মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সব সনদের মূল কপি দেখাতে হবে এবং সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। পাশাপাশি নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি এবং Applicant's Copy সঙ্গে রাখতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য প্রয়োজনীয় সনদও জমা দিতে হবে।

বিস্তারিত তথ্য ও যোগাযোগ

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে সিএজির ওয়েবসাইট www.cag.org.bd এবং টেলিটকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে। এ ছাড়া টেলিটক জব পোর্টাল থেকেও বিজ্ঞপ্তি দেখা যাবে।

অনলাইনে আবেদন করতে সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে যোগাযোগ করা যাবে। প্রয়োজনে alljobs.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইল করেও সহায়তা নেওয়া যাবে।