মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া সড়কে মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান চালকদের এ বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি।
শুক্রবার বিআরটিএর ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়, শিক্ষানবিশ বা লার্নার লাইসেন্সধারীরা কেবল বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণের সময় মোটরযান চালাতে পারবেন। এ সময় গাড়ির দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ চিহ্ন রাখতে হবে।
বিআরটিএর নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষানবিশ চালকের ব্যবহৃত গাড়ির সামনে ও পেছনে দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ (Learner) চিহ্ন লিখে বা বোর্ড ঝুলিয়ে রাখতে হবে।
এই চিহ্ন দেখে অন্য চালকেরা বুঝতে পারবেন, গাড়িটি একজন শিক্ষানবিশ চালাচ্ছেন। ফলে তারা পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে সতর্কতার সঙ্গে চলাচল করতে পারবেন।









