ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং করেছে নিষিদ্ধ ঘোষিত বরগুনা জেলা ছাত্রলীগ। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বরগুনা পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকা অগ্নিঝরা ৭১-এ এ মাইকিং করা হয়। এ ঘটনার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, একটি মিশুক অটোরিকশায় বসে এক যুবক মোবাইলে রেকর্ড করা বক্তব্য মাইকে প্রচার করছেন। বক্তব্যটি বরগুনা জেলা ছাত্রলীগের সদস্য মহিউদ্দিন আহমেদ দোলনের বলে দাবি করা হয়েছে।
রেকর্ড করা বক্তব্যে বলা হয়, আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদৎ হাসনাইন পারভেজ বলেন, বিষয়টি এখন পর্যন্ত পুলিশের নজরে আসেনি। ভিডিওটি সম্পাদিত হতে পারে। তারপরও মাইকিংয়ের বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ।









