অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে তাঁর পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। একই সঙ্গে নিজের জীবনে ঘটে যাওয়া এক অপ্রীতিকর অভিজ্ঞতার কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রভা বলেন, পরীমনির ঘটনাটি নিয়ে তিনি চুপ থাকতে পারছেন না। তাঁর মতে, কিছু বিষয়ে প্রতিবাদ না করলে নিজের বিবেকের কাছে অপরাধী মনে হয়। এ সময় সংশ্লিষ্ট সাংবাদিককে সমর্থন না করার আহ্বান জানান তিনি।
ভিডিওতে নিজের অভিজ্ঞতা তুলে ধরে প্রভা জানান, একটি প্রসাধনীর মেলার অনুষ্ঠানে কয়েকজন সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন তিনি। এ সময় এক সাংবাদিক একাধিক মাইক্রোফোন নিয়ে তাঁর খুব কাছে চলে আসেন। বারবার সরে যাওয়ার চেষ্টা করলেও ওই ব্যক্তির হাত শরীরের কাছাকাছি চলে আসছিল বলে অভিযোগ করেন অভিনেত্রী।
প্রভার ভাষ্য, পরিস্থিতিতে তিনি অস্বস্তি বোধ করছিলেন। ওই ব্যক্তি সাংবাদিক না হলে স্যান্ডেল দিয়ে মারতেন বলেও মন্তব্য করেন তিনি। তবে হাসিমুখে নিজের অস্বস্তির কথা বোঝানোর চেষ্টা করেছিলেন বলে জানান প্রভা।
পরীমনির ঘটনাকে কেন্দ্র করে নিজের অভিজ্ঞতা তুলে ধরে অভিযোগের তদন্তের দাবি জানিয়েছেন অভিনেত্রী। তাঁর ভিডিও প্রকাশের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাঁর বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন, আবার কেউ কেউ তাঁর দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।









