দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী হিসেবে তার পছন্দের মানুষকে ভালো মানুষ হতে হবে। নিজের ভুল স্বীকার করার মানসিকতা থাকতে হবে এবং কোনো পরিস্থিতিতে অন্যের ওপর দোষ চাপানোর প্রবণতা থাকা চলবে না। এসব গুণের পাশাপাশি রান্না জানলে আরও ভালো বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর একটি পর্বে অতিথি হিসেবে হাজির হন সাই পল্লবী। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন অভিনেতা রণবীর কাপুর ও রবি দুবে। সঞ্চালক অমিতাভ বচ্চন অভিনেত্রীর কাছে জানতে চান, বিয়ের পর জীবনসঙ্গী হিসেবে কেমন পুরুষ পছন্দ তার।

জবাবে সাই পল্লবী বলেন, জীবনসঙ্গীকে প্রথমত ভালো মানুষ হতে হবে। তিনি যেন অতিরিক্ত আত্মকেন্দ্রিক না হন এবং নিজের কাজ ও আচরণ নিয়ে ভাবতে জানেন। জীবনে নিজের অবস্থান সম্পর্কেও তার স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।

অভিনেত্রীর ভাষ্য, মানুষ ভুল করতেই পারে, তবে সেই ভুল স্বীকার করে সংশোধনের চেষ্টা করতে হবে। অন্যের ওপর দোষ চাপানো চলবে না। তার চাহিদার তালিকা খুব বড় নয়; একজন ভালো মানুষ হলেই হয়। তবে রান্না জানলে সেটি বাড়তি গুণ হিসেবে বিবেচিত হবে।

অনুষ্ঠানে সাই পল্লবীর চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা শেষে অভিনয়জগতে আসার সিদ্ধান্ত নিয়েও কথা হয়। এ বিষয়ে তিনি বলেন, ঈশ্বরই যেন তার জন্য অভিনয়ের পথ নির্ধারণ করে রেখেছিলেন।

তার এ কথায় বিস্ময় প্রকাশ করেন অমিতাভ বচ্চন। পরে রণবীর কাপুর মজার ছলে বলেন, ঈশ্বরের প্রেসক্রিপশনে লেখা ছিল, তাকে অভিনয় করতে হবে। তার এ মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে হাসি ও করতালির সৃষ্টি হয়।

এদিকে নিতেশ তিওয়ারি পরিচালিত পৌরাণিক কাহিনিনির্ভর ‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। এতে রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর।

সিনেমাটিতে সীতার চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর নিজের অনুভূতির কথাও জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, এ ধরনের চরিত্রের ক্ষেত্রে নিজের বুদ্ধি দিয়ে সবকিছু বিচার করার চেয়ে চরিত্রটি থেকে কী শেখা যায়, সেটিকে বেশি গুরুত্ব দিয়েছেন।

সাই পল্লবীর ভাষ্য, সাধারণত কোনো চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে তিনি ভাবেন, সেই চরিত্রে নিজের পক্ষ থেকে কী যোগ করতে পারবেন। কিন্তু সীতার মতো চরিত্রের ক্ষেত্রে প্রথমবার ভেবেছেন, এ চরিত্রে অভিনয় করে তিনি কী শিখতে পারবেন এবং কী জ্ঞান অর্জন করতে পারবেন। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে চেয়েছেন এবং সীতামায়ের কাছে প্রার্থনা করে কাজ শুরু করেছেন।

‘রামায়ণ’ সিনেমায় রাবণের চরিত্রে অভিনয় করছেন যশ এবং হনুমানের ভূমিকায় রয়েছেন সানি দেওল। লক্ষ্মণের চরিত্রে দেখা যাবে রবি দুবেকে। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অরুণ গোভিল, লারা দত্ত, রাকুল প্রীত সিং, কাজল আগরওয়াল ও বিবেক ওবেরয়।

প্রায় চার হাজার কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে সিনেমাটি। যশ ও নমিত মালহোত্রার প্রযোজনায় দুই পর্বে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে ছবিটির। প্রথম পর্ব ২০২৬ সালের ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। দ্বিতীয় পর্ব মুক্তি পেতে পারে ২০২৭ সালের দীপাবলিতে।