বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তুরাগ নদীর উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আইফোন ও হাতঘড়ি পাওয়া যায়। মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।
নৌ পুলিশের তথ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে তুরাগ নদীতে একটি মরদেহ ভাসতে থাকার খবর পাওয়া যায়। পরে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
উদ্ধারের সময় মরদেহটির পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। মরদেহটির বয়স আনুমানিক ২৮ বছর বলে ধারণা করা হয়। পরে আইফোনের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয়।
নৌ পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।






