জাপান সফরের অংশ হিসেবে টোকিওতে স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি একটি হাসপাতাল, হোম-কেয়ার নার্সিং সেন্টার ও টোকিও ন্যাশনাল মিউজিয়াম ঘুরে দেখেন। পরে জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
দিনের কর্মসূচির শুরুতে টোকিওর হানেদা ইনোভেশন সিটিতে অবস্থিত ফুজিতা হেলথ ইউনিভার্সিটি হানেদা ক্লিনিক পরিদর্শন করেন ডা. জুবাইদা রহমান। সেখানে তাকে ক্লিনিকের উন্নত চিকিৎসাপ্রযুক্তি ও বিভিন্ন স্বাস্থ্যসেবা সম্পর্কে অবহিত করা হয়।
পরিদর্শনকালে তিনি উন্নত সিটি স্ক্যানার, পেট-সিটি ও এমআরআই সুবিধা সম্পর্কে ধারণা নেন। পাশাপাশি বিভিন্ন নমুনা সংগ্রহে ব্যবহৃত রোবট প্রযুক্তি সম্পর্কেও তাকে জানানো হয়। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, বিশ্বে এ ধরনের সিটি স্ক্যানার রয়েছে মাত্র পাঁচটি।
পরে টোকিওর বুনকিও-কু এলাকায় সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটিভিত্তিক হোম-কেয়ার নার্সিং সেন্টার হংগো পরিদর্শন করেন তিনি। সেখানে নার্সিং ও পুনর্বাসন কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
দুপুরের খাবারের পর ইউয়েনো পার্কে অবস্থিত টোকিও ন্যাশনাল মিউজিয়াম পরিদর্শন করেন ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি জাপানের ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন।
দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেলে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডা. জুবাইদা রহমান।
জাপান সফরে তার এসব কর্মসূচির মধ্য দিয়ে দেশটির স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা, পুনর্বাসন প্রযুক্তি ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়।






