তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিখোঁজ হওয়ার একদিন পর বৃহস্পতিবার সকালে টঙ্গী বন্দর ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নৌ-পুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বরত কনস্টেবল মো. রাকিব দ্য ডেইলি স্টারকে জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের সঙ্গে থাকা মোবাইল ফোন ও হাতঘড়ি দেখে তার পরিচয় শনাক্ত করা হয়।

মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নৌ-পুলিশের প্রাথমিক ধারণা, পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তাহসিফ সাউরি আলোচনায় আসেন ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশের পর।