যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি বার্তা পাঠানোর পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কক্সবাজার থেকে ঢাকাগামী ফ্লাইট বিজি-৪৩৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা ১০ মিনিটে উড়োজাহাজটি অবতরণ করে। এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি।

বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে উড্ডয়নের পরপরই পাইলট ঢাকা টাওয়ারে জরুরি বার্তা পাঠান। জরুরি অবতরণের প্রস্তুতি হিসেবে উড়োজাহাজটির জ্বালানি ও ওজন কমাতে আকাশে কয়েকবার চক্কর দিতে হয়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, এ সময় উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে চক্কর দেয়।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সাময়িকভাবে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখা হয়। বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়ে বন্ধ ছিল বলে এটিসি সূত্রে জানা গেছে। এ সময় ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার দল প্রস্তুত রাখা হয়।

citytouch 728-X-90

পরে পাইলট উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করান। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটির সময়সূচিতে বিলম্ব হয়েছিল। সব যাত্রী ও ক্রু নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন। এ জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।