নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণার দুর্গাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিক ও এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রাম থেকে তাঁদের আটক করে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর ভবানীপুর বিওপির টহল দল।
আটক ব্যক্তিরা হলেন, নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার কুলপতাক আদর্শনগর গ্রামের প্রান্ত সরকার (২০), খালিয়াজুড়ী উপজেলার শালদীঘা গ্রামের নিউটন সরকার (২০) এবং দুর্গাপুর উপজেলার ভরতপুর গ্রামের সিলভার সাংমা। সিলভার সাংমার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ রয়েছে।
বিজিবি জানায়, দুই মাস আগে সিলভার সাংমাকে ছয় হাজার টাকা দিয়ে ভারতের কুচবিহারে রাজমিস্ত্রির কাজ করতে যান প্রান্ত ও নিউটন। শনিবার দেশে ফেরার সময় একই ব্যক্তিকে সাড়ে ছয় হাজার টাকা দিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন তাঁরা।
উল্লেখ্য, এর আগে গত ৬ জুন মানব পাচারের অভিযোগে সিলভার সাংমাকে আটক করে দুর্গাপুর থানায় হস্তান্তর করেছিল বিজিবি।
নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী বলেন, সীমান্তে অবৈধ পারাপার ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।এ ধরনের অপরাধ দমনে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। আটককৃত তিনজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।










