এমপিওভুক্ত ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে আইনি বা নীতিগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে ১৩ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছিলেন প্রতিমন্ত্রী। এবার সেই অবস্থান থেকে সরে এসে তিনি বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ণাঙ্গ জাতীয়করণ না হওয়া পর্যন্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই।

একই সঙ্গে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির প্রতি সমর্থন জানিয়ে শাহে আলম বলেন, শিক্ষকদের পদমর্যাদা ও জীবনমান উন্নয়নের স্বার্থে জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই। তিনি জানান, এ জন্য বছরে অতিরিক্ত ৭০০ থেকে ৮০০ কোটি টাকা প্রয়োজন হতে পারে।

citytouch 728-X-90

প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষকদের অবসরকালীন ভাতা পরিশোধসহ শিক্ষা খাতের বিভিন্ন বিষয়ে সরকার কাজ করছে। শিক্ষকদের বড় পরিসরে ও সুশৃঙ্খলভাবে দাবি তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে সরকার বিষয়টির গুরুত্ব আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবে।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনার কথাও জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোর ছাদে ৫ দশমিক ৫ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনে আর্থিক সহায়তা দেওয়া হবে। উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রি করে প্রতিষ্ঠানগুলো মাসে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবে।