বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতাগুলোতে দেশপ্রেম ও জাতীয়তাবাদী আবেগ যুক্ত করার সমালোচনা করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। তার মতে, এ ধরনের আয়োজনে নারীর সৌন্দর্যের পাশাপাশি জাতীয়তাবাদী আবেগকে গুরুত্ব দেওয়ায় মানুষের স্বাভাবিক নারীপ্রেম বিভক্তিমূলক দেশপ্রেমের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

পোস্টে ফাহাম আব্দুস সালাম লেখেন, ‘বাংলাদেশিদের কোনো সুন্দরী প্রতিযোগিতায় ঢুকতে দেওয়া উচিত না। নারীপ্রেম কম-দেশপ্রেম চাগায় উঠে বেশি।’

ব্যঙ্গাত্মকভাবে তিনি আরও লেখেন, এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যেখানে একজন ছেলে সবচেয়ে সুন্দরী মেয়েকে ভালোবাসার বদলে বাংলাদেশের পতাকাকে ভালোবাসতে বাধ্য হবে। সুন্দরীদের মধ্যে লাল-সবুজ পতাকা আঁকা মেয়েটিকে ভোট দেওয়াই যেন দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।

সুন্দরী প্রতিযোগিতায় ভোট চাওয়ার বিষয়টিও ব্যঙ্গ করে তিনি লেখেন, ‘তারপর দুগ্গা এসএমএস দিন বলে ভিক্ষা করবে।’

ফাহামের ভাষ্য, ছেলেরা সাধারণত কোনো সুন্দরী মেয়ের দেশ, জাতি বা ধর্ম বিবেচনা না করেই তার প্রতি আকৃষ্ট হতে পারে। নারীপ্রেমের এই অসাম্প্রদায়িক প্রবণতার মধ্যে সুন্দরী প্রতিযোগিতাগুলো বিভক্তিমূলক দেশপ্রেম ও ঔচিত্যবোধ যুক্ত করেছে।

তিনি অভিযোগ করেন, এ ধরনের আয়োজন মানুষের স্বাভাবিক অনুভূতিকে প্রভাবিত করছে। পোস্টের শেষাংশে সমাজের নিম্নবিত্ত শ্রেণিকে ইঙ্গিত করে ব্যঙ্গাত্মক মন্তব্যও করেন তিনি।