জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর এলাকায় রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল সীমিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ২১ নভেম্বর থেকে প্রতিদিন এ বিধিনিষেধ কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।
শনিবার (২১ নভেম্বর) এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল চলাচল করা যাবে না। জরুরি প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হলে চালককে হালনাগাদ যানবাহনের কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে।
জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।









