ছয় মাস থেকে এক বছর আগে মেয়াদ শেষ হয়ে যাওয়া বিভিন্ন উপাদান ও রাসায়নিক ব্যবহার করে কসমেটিকস পণ্য উৎপাদনের অভিযোগ উঠেছে বায়োজিনের বিরুদ্ধে। জামালপুরের মেলান্দহে প্রতিষ্ঠানটির পণ্য উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়ে এসব মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও কেমিক্যাল পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযোগ রয়েছে, মেয়াদোত্তীর্ণ উপাদান ও রাসায়নিক দিয়ে তৈরি এসব পণ্য ঢাকাসহ বায়োজিনের ২৪টি শাখায় বিক্রি করা হয়। পাশাপাশি ওয়েবসাইট ও ফেসবুকের মাধ্যমেও অনলাইনে পণ্য বিক্রি করছে প্রতিষ্ঠানটি।
গত বুধবার দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলায় বায়োজিনের পণ্য উৎপাদনকারী কারখানা ‘গ্রীন বায়োটেকনোলজি’তে অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম। অভিযানে আনসার ব্যাটালিয়নের তিন সদস্যের একটি দল উপস্থিত ছিল।
অভিযান শেষে মো. শরিফুল ইসলাম বলেন, ‘বায়োজিনের কারখানায় এসে যা দেখলাম, তা অবিশ্বাস্য। যেসব রাসায়নিক ব্যবহার করে পণ্য তৈরি করা হচ্ছে, সেগুলোরই মেয়াদ নেই। এতে ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন হয়েছে।’
তিনি জানান, প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম পরিদর্শনে আকস্মিক অভিযান চালিয়ে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক পাওয়া যায়। এসব উপকরণের মেয়াদ ছয় মাস থেকে এক বছর আগেই শেষ হয়েছে।
জব্দ করা বিভিন্ন ধরনের কাঁচামাল ধ্বংস করা হবে জানিয়ে তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহার না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে বায়োজিনের হটলাইনে যোগাযোগ করা হলে শাপলা নামের এক প্রতিনিধি জানান, তারা বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেবেন।
কারখানায় মেয়াদোত্তীর্ণ উপাদান ও রাসায়নিক পাওয়া গেছে কি না এবং জরিমানা করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তাদের বিস্তারিত বলার সুযোগ নেই। পরবর্তী সময়ে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।









