দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এ নিয়ে টানা আট দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমল মোট ২৮ হাজার ৫১৮ টাকা।

বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন নির্ধারিত দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

এর আগে টানা সাত দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছিল। সর্বশেষ দফায় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।

নতুন দামে কোন স্বর্ণের দাম কত?

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।

চলতি বছরে ১৪১ বার দাম সমন্বয়

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে দেশের বাজারে এখন পর্যন্ত মোট ১৪১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফায় দাম বাড়ানো হয়েছে, ৭৫ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, গত বছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হলেও কমানো হয়েছিল ২৯ বার।