দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি অনুযায়ী, বর্তমানে দেশের নিট রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। তবে আইএমএফের ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (বিপিএম-৬) পদ্ধতিতে হিসাব করা নিট রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।
এদিকে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। নভেম্বরের প্রথম ১৮ দিনে দেশে ২১৩ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ১৯০ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১২ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ১৮ নভেম্বর এক দিনেই দেশে ৭ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩৫৯ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ২০৫ কোটি ৩০ লাখ ডলার। এ হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ৮ শতাংশ।
প্রবাসী আয়ের এই প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ভূমিকা রাখছে।









