বিদেশে চাকরি নিয়ে যেতে আগ্রহীদের প্রাথমিক খরচ মেটাতে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এ ঋণের বার্ষিক সুদের হার ৯ শতাংশ এবং গ্রেস পিরিয়ডসহ পরিশোধের সর্বোচ্চ মেয়াদ তিন বছর। তবে ঋণ পেতে অন্তত দুজন জামিনদার দিতে হবে।

শুধু বিদেশগামী কর্মী নয়, বিদেশফেরত কর্মী, প্রবাসীদের পরিবারের সদস্য এবং বিদেশে কর্মরত ব্যক্তিদের জন্যও বিভিন্ন ঋণসুবিধা রয়েছে। বিদেশফেরত কর্মীরা দেশে ব্যবসা বা প্রকল্প গড়তে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। প্রবাসীদের পরিবারের সদস্যদের ব্যবসা ও কৃষি উদ্যোগেও একই পরিমাণ ঋণের সুযোগ রয়েছে। এ ছাড়া বিদেশ যাওয়ার আগে দক্ষতা অর্জনের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়।

প্রবাসী কল্যাণ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১১-১২ অর্থবছর থেকে ২০২৬ সালের ১৭ নভেম্বর পর্যন্ত ৩ লাখ ৪ হাজার ৩০০ জনকে মোট ৬ হাজার ৪৯০ কোটি ৪ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। ঋণ বিতরণে এগিয়ে রয়েছে টাঙ্গাইল, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া। তুলনামূলক কম ঋণ পেয়েছেন বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ঝালকাঠি ও ভোলার মানুষ।

কী কী ঋণ দেয় প্রবাসী কল্যাণ ব্যাংক

ব্যাংকটির ঋণ কর্মসূচির মধ্যে রয়েছে—

  • অভিবাসন ঋণ ও নারী অভিবাসন ঋণ
  • পুনর্বাসন ঋণ ও নারী পুনর্বাসন ঋণ
  • অভিবাসী বৃহৎ পরিবার ঋণ
  • বৈদেশিক কর্মসংস্থানের জন্য বিশেষ দক্ষতা অর্জন ঋণ
  • কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) ঋণ
  • পল্লী ও কৃষি ঋণ

ঋণের ধরন অনুযায়ী সুদের হার, জামানত, পরিশোধের সময়সীমা ও প্রয়োজনীয় কাগজপত্র আলাদা।

অভিবাসন ঋণের শর্ত

বিদেশে চাকরি নিয়ে যেতে আগ্রহীদের জন্য অভিবাসন ঋণের সর্বোচ্চ পরিমাণ ৩ লাখ টাকা। বার্ষিক সুদের হার ৯ শতাংশ। গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ তিন বছরে ঋণ পরিশোধ করতে হয়। গ্রেস পিরিয়ড শেষে মাসিক সমান কিস্তিতে টাকা পরিশোধের নিয়ম রয়েছে।

আবেদনকারীর যোগ্যতা:

  • বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
  • আবেদনকারী ও জামিনদারকে সংশ্লিষ্ট শাখার আওতাধীন এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • অন্য কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এনজিও বা বেসরকারি প্রতিষ্ঠানের ঋণখেলাপি হওয়া যাবে না।

যেসব কাগজপত্র লাগবে

ঋণ নিতে প্রথমে প্রবাসী কল্যাণ ব্যাংকের সংশ্লিষ্ট শাখা থেকে বিনা মূল্যে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। আবেদনের সঙ্গে জমা দিতে হবে—

  • আবেদনকারীর তিন কপি পাসপোর্ট সাইজের ছবি
  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  • পাসপোর্ট ও ভিসার ফটোকপি
  • বিএমইটির কার্ডের ফটোকপি

রি-এন্ট্রি ভিসার ক্ষেত্রে বিএমইটি কার্ড বাধ্যতামূলক নয়। লেবার কন্ট্রাক্ট পেপারও বাধ্যতামূলক নয় বলে ব্যাংকের নির্দেশনায় উল্লেখ রয়েছে।

এ ছাড়া আবেদনকারীর নিজের নামে সচল ব্যাংক হিসাব থাকতে হবে। ওই হিসাবের তিনটি স্বাক্ষরিত এমআইসিআর চেকের পাতা এবং ব্যাংক হিসাবের বিবরণী জমা দিতে হবে। ঋণ নেওয়ার আগে সংশ্লিষ্ট শাখায় অন্তত ৫০০ টাকা জমা দিয়ে একটি সঞ্চয়ী হিসাব খুলতে হবে।

জামিনদার হিসেবে কারা থাকবেন

অভিবাসন ঋণের জন্য অন্তত দুজন জামিনদার প্রয়োজন। তাঁদের মধ্যে একজন হতে হবে আর্থিকভাবে সচ্ছল ও ঋণ পরিশোধে সক্ষম ব্যক্তি। তাঁর নিজের নামে অথবা একক মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের নামে সচল ব্যাংক হিসাব থাকতে হবে।

এই জামিনদারের কাছ থেকে জমা দিতে হবে তিনটি স্বাক্ষরিত এমআইসিআর চেকের পাতা, ব্যাংক হিসাবের বিবরণী এবং আয়ের উৎস বা পেশার প্রমাণ।

দ্বিতীয় জামিনদার হতে পারবেন আবেদনকারীর পরিবারের সদস্য বা নিকটতম আত্মীয়। উভয় জামিনদারের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এক কপি করে ছবি এবং স্থায়ী ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে।

কত ফি দিতে হবে

ব্যাংকের নিয়ম অনুযায়ী, ঋণের বিপরীতে ০.৫০ শতাংশ প্রসেসিং ফি এবং সমপরিমাণ ডকুমেন্টেশন ফি দিতে হয়। উভয় ফির ওপর ভ্যাট প্রযোজ্য। এ ছাড়া প্রতি লাখ টাকার জন্য ৯০০ টাকা ঝুঁকি আচ্ছাদন স্কিমের ফি দিতে হয়।

স্ট্যাম্প খরচ হিসেবে ১০ টাকা মূল্যের ১৬টি রেভিনিউ স্ট্যাম্প এবং প্রত্যেক জামিনদারের জন্য ১০০ টাকা মূল্যের তিনটি অ্যাডহেসিভ স্ট্যাম্প প্রয়োজন।

যথাযথ কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার পর সাত কর্মদিবসের মধ্যে ঋণসেবা দেওয়ার কথা জানিয়েছে ব্যাংক।

ঋণ নিতে চান ব্রুনাইগামী গোপাল

ব্রুনাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন রংপুরের বাসিন্দা গোপাল চন্দ্র শীল। বিদেশযাত্রার খরচ মেটাতে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করছেন তিনি।

গোপাল চন্দ্র শীল এশিয়া পোস্টকে বলেন, ‘আমি ব্রুনাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেওয়ার কথা ভাবছি। ইতিমধ্যেই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছি। বিদেশ যাওয়ার সব কাগজপত্র হাতে পেলে ঋণের জন্য আবেদন করব।’

যা বলছে ব্যাংক কর্তৃপক্ষ

প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওয়াহিদা বেগম এশিয়া পোস্টকে বলেন, বিদেশগামী কর্মীদের সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেওয়া হচ্ছে। এ জন্য দুজন জামিনদার প্রয়োজন। তবে তাঁদের সরকারি চাকরিজীবী হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।

তিনি আরও বলেন, প্রবাসীদের ঋণের টাকা পরিশোধ সহজ করতে অগ্রণী ব্যাংক ও সিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিইএফটিএন সংযোগ চালুর প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে। এটি চালু হলে প্রবাসীরা সরাসরি ব্যাংকের মাধ্যমে ঋণের টাকা পাঠাতে পারবেন।