রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার জেরে নিজেসহ পাঁচজনের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে সৌদি আরবপ্রবাসী ইমনের বিরুদ্ধে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শ্যামবাজারের চামাকটুলি এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—সিদ্দিক বেপারী (৬০), তাঁর ছেলে মো. ইমন (২৬), ভাতিজা রাজিব (৩৮), ভাগ্নে আরিফুর রহমান ধলু (৩৫) ও ভাগ্নি তানিয়া আক্তার (২০)। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
দগ্ধ আরিফুর রহমান ধলুর স্ত্রী সোনিয়া আক্তারের দাবি, চামাকটুলি এলাকায় তাদের পৈতৃক সম্পত্তি রয়েছে এবং সবাই পাশাপাশি বাড়িতে বসবাস করেন। শুক্রবার ইমনের বোন সুলতানা বাসার সামনে ময়লা পানি জমিয়ে রাখাকে কেন্দ্র করে তানিয়ার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।
সোনিয়ার ভাষ্য, বিষয়টি সুলতানা তাঁর সৌদি আরবপ্রবাসী ভাই ইমনকে জানান। এরপর ইমন দেশে ফিরে শনিবার বিকেলে পরিবারের সদস্যদের ‘আমিও মরব, তোদেরকেও মারব’ বলে হুমকি দেন। একপর্যায়ে নিজের শরীরে পেট্রোল ঢালার পাশাপাশি অন্যদের শরীরেও পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করেন তিনি।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ জানান, সূত্রাপুর থেকে পাঁচজন দগ্ধ অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে সিদ্দিকের শরীরের ৩৫ শতাংশ, ইমনের ৯০ শতাংশ, রাজিবের ১৫ শতাংশ, আরিফের ৮ শতাংশ এবং তানিয়ার ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। সবাইকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাটি নিয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও দায় কার, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়।










