২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঘোষিত এই 'কম্প্রিহেনসিভ প্যাকেজ'-এর আওতায় হজযাত্রার প্রয়োজনীয় সব সেবা একটি একক ইলেকট্রনিক চুক্তিতে আনা হবে। সৌদি আরবে পৌঁছানো থেকে শুরু করে দেশে ফিরে যাওয়া পর্যন্ত যাত্রাপথের বিভিন্ন সেবা এতে অন্তর্ভুক্ত থাকবে। ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে দেওয়া এই প্যাকেজে থাকবে চারটি প্রধান সেবা — পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সেবা, মক্কা ও মদিনায় আবাসন, যাতায়াত এবং খাবারের ব্যবস্থা। এর পাশাপাশি অতিরিক্ত কিছু সুবিধাও নেওয়ার সুযোগ থাকবে। মন্ত্রণালয় জানিয়েছে, এই ব্যবস্থার মাধ্যমে বিদেশি হজবিষয়ক দপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলো বিভিন্ন শ্রেণির হজযাত্রীর জন্য নিজেদের মতো করে কর্মসূচি সাজাতে পারবে। এ জন্য একটি নির্দিষ্ট, তবে নমনীয় চুক্তি কাঠামো রাখা হয়েছে। নতুন প্যাকেজে আগে থেকে থাকা আলাদা আলাদা চুক্তির বদলে একটিমাত্র ইলেকট্রনিক আবেদনে সব সেবা নেওয়া যাবে। মন্ত্রণালয়ের ভাষায়, এতে প্রক্রিয়া সহজ হবে, স্বচ্ছতা বাড়বে এবং সংস্থা, হজবিষয়ক দপ্তর ও সেবাদানকারী কোম্পানিগুলোর মধ্যে চুক্তিগত সম্পর্ক সুস্পষ্ট হবে। ২০২৪ সালের জুনে চালু হওয়া 'নুসুক মাসার' প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে এই ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যেখানে চুক্তি, কার্যক্রম পরিচালনা ও ভিসাসংক্রান্ত প্রক্রিয়াগুলো এক ব্যবস্থার আওতায় আনা হয়েছে। সৌদি আরবের ১৪৪৮ হিজরি সালের হজ মৌসুমের আগাম প্রস্তুতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির 'ভিশন ২০৩০' এবং হজযাত্রীদের অভিজ্ঞতা উন্নয়নের কর্মসূচির লক্ষ্য বাস্তবায়নের সঙ্গেও এটি সামঞ্জস্যপূর্ণ। মন্ত্রণালয় এরই মধ্যে ১৪৪৮ হিজরি সালের হজের প্রস্তুতি শুরু করেছে। এ লক্ষ্যে ৭৫টির বেশি দেশের হজবিষয়ক দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে পরিচালন পরিকল্পনা, বিধিবিধান ও প্রয়োজনীয় শর্তাবলি পর্যালোচনা করা হচ্ছে। উল্লেখ্য, ১৪৪৮ হিজরি সালের হজ ২০২৭ সালের মে মাসের মাঝামাঝি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে হজ ব্যবস্থাপনায় ডিজিটাল অবকাঠামোও সম্প্রসারণ করেছে সৌদি আরব। মন্ত্রণালয়ের ইলেকট্রনিক প্ল্যাটফর্মগুলোতে চুক্তি, কার্যক্রম পরিচালনা ও ভিসাসংক্রান্ত প্রক্রিয়াগুলো এক ব্যবস্থার আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে হজযাত্রী ও সেবাদানকারী সংস্থাগুলোর কাজ সমন্বিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
২০২৭ সালের হজের নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
বিদেশি হজযাত্রীদের জন্য একক ইলেকট্রনিক চুক্তির আওতায় চার প্রধান সেবা
বিশেষ প্রতিনিধি (বিশেষ প্রতিনিধি)
প্রকাশিত:
পড়তে ১ মিনিট

খবরটি শেয়ার করুন








