পরিবারের আর্থিক সচ্ছলতার স্বপ্ন নিয়ে প্রায় এক বছর আগে কম্বোডিয়ায় পাড়ি জমিয়েছিলেন মৌলভীবাজারের কুলাউড়ার নাঈম আহমদ (২৪)। ভালো কাজ ও উচ্চ বেতনের আশ্বাসে স্থানীয় এক দালালের মাধ্যমে বিদেশে গেলেও সেখানে কাজ হারিয়ে বিপাকে পড়েন তিনি। ভিসার মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরতেও পারেননি। একপর্যায়ে অর্থাভাবে খাবার ও চিকিৎসা না পেয়ে কম্বোডিয়ায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার।
গত বুধবার বাংলাদেশ সময় রাত ১২টার দিকে কম্বোডিয়ার সমুদ্রবন্দর নগরী সিয়ানোউকভিলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাঈমের মৃত্যু হয়। ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তাঁর মা।
পরিবার সূত্রে জানা যায়, নাঈম কুলাউড়া উপজেলার ১১ নম্বর শরিফপুর ইউনিয়নের সীমান্তবর্তী লালারচক গ্রামের সৌদিপ্রবাসী মো. ইয়ামিস আলীর ছেলে। স্থানীয় জুনেদ আহমদ নামের এক ব্যক্তির মাধ্যমে ভালো কাজ ও উচ্চ বেতনের আশ্বাস পেয়ে প্রায় এক বছর আগে কম্বোডিয়ায় যান তিনি।
সেখানে সিয়ানোউকভিলে নির্মাণশ্রমিক হিসেবে কাজ শুরু করলেও কয়েক দিনের মধ্যে কাজ হারান। এরপর দালালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাননি। এদিকে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন কাজ পাওয়ার সুযোগও সীমিত হয়ে পড়ে। অর্থসংকটে দেশে ফেরার ব্যবস্থাও করতে পারেননি তিনি।
পরিচিতজন না থাকায় সমুদ্রতীরবর্তী একটি ঝুপড়িঘরে আশ্রয় নেন নাঈম। পরিবারের দাবি, সেখানে দিনের পর দিন খাবার ও চিকিৎসার অভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে কয়েকজন প্রবাসী বাংলাদেশি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ছেলের মরদেহ দেশে ফেরানোর আকুতি
নাঈমের মা মাহাসিফা বেগম বলেন, ‘আমার বুকের ধনই না খেয়ে, বিনা চিকিৎসায় মারা গেল। আমি ছেলের মুখ শেষবারের মতো দেখতে চাই। তার লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।’
শরিফপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজ আহমেদ বলেন, নাঈমসহ এলাকার আটজন তরুণ স্থানীয় জুনেদ আহমদের প্রলোভনে পড়ে জমি বিক্রি করে কম্বোডিয়ায় গিয়েছিলেন। তাঁদের ভালো কাজের আশ্বাস দেওয়া হলেও মূলত ট্যুরিস্ট ভিসায় পাঠানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
আজিজ আহমেদ আরও বলেন, নাঈমের মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। অভিযুক্ত জুনেদ আহমদ পলাতক রয়েছেন বলে দাবি করেন তিনি। ভুক্তভোগী পরিবারগুলো তাঁর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।









