বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেওয়া এক নবজাতকের পিতৃত্ব দাবি করেছেন দুই ব্যক্তি। তাঁদের একজন নিজেকে শিশুটির মায়ের স্বামী হিসেবে পরিচয় দিয়েছেন। রোববার (৮ নভেম্বর) সকালে নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শান্তা নামের এক গৃহবধূ সেখানে সন্তান জন্ম দেন। সন্তান জন্মের সময় তাঁর পাশে ছিলেন শুভাস নামের এক ব্যক্তি। তিনি নিজেকে শান্তার স্বামী বলে পরিচয় দেন। তবে পরে হাসপাতালে হাজির হন এমদাদুল নামের আরেক ব্যক্তি। তিনিও নবজাতকের বাবা বলে দাবি করেন।

এমদাদের দাবি, ২০২১ সালে প্রেমের সম্পর্কের সূত্রে বরিশালের চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের সনাতন ধর্মাবলম্বী শান্তাকে তিনি বিয়ে করেন। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। তাঁরা ঢাকায় একসঙ্গে বসবাস করতেন। তিন মাস আগে সন্তান জন্ম দেওয়ার কথা বলে শান্তা বাবার বাড়িতে যান। নিজের দাবির পক্ষে বিয়ের কাবিননামাসহ বিভিন্ন প্রমাণ দেখান এমদাদ।

এমদাদ হাসপাতালে পৌঁছানোর পর শুভাস সেখান থেকে চলে যান। ফলে তাঁর বক্তব্য জানা যায়নি।

অন্যদিকে, শান্তা দাবি করেন, এমদাদের সঙ্গে তাঁর বিয়ে হয়নি এবং নবজাতকের বাবাও এমদাদ নন। তবে এমদাদের দেখানো কাবিননামা ও অন্যান্য নথির বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, এমদাদের সঙ্গে বিয়ের পরও শান্তার বাবার বাড়িতে যাতায়াত ছিল। পরে ২০২৪ সালে বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা শুভাসের সঙ্গে তাঁর সম্পর্ক ও বিয়ে হয় বলে অভিযোগ রয়েছে। শুভাসকে ঢাকায় চাকরির কারণে শান্তার সেখানে থাকতে হয় বলে জানানো হয়েছিল বলে স্থানীয় সূত্রের দাবি।

আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হলে শান্তার বাবা কৃষ্ণ কর্মকার তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান। পরে দুই ব্যক্তি হাসপাতাল ছেড়ে চলে যান।