আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপের স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে সেনেগাল উপকূলের কাছে একটি নৌকা ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ যাত্রীর সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সেনেগাল প্রেস এজেন্সির (এপিএস) বরাত দিয়ে জানা গেছে, দেশটির রাজধানী ডাকার ও উত্তরাঞ্চলীয় শহর সেন্ট লুইয়ের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহগুলো শনাক্তের পাশাপাশি নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে।

দেশটির অভিবাসী সহায়তা সংগঠনের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া মরদেহগুলো সেনেগালের নাগরিকদের। নৌকায় থাকা অন্য যাত্রীদের পরিচয় শনাক্তের কাজও চলছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সেনেগালের প্রেসিডেন্ট। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি তরুণদের ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে মানবপাচারকারী চক্র নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর পথটি অভিবাসীদের জন্য বিশ্বের অন্যতম বিপজ্জনক সমুদ্রপথ হিসেবে পরিচিত। স্পেনের একটি অভিবাসী অধিকার সংগঠনের হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে এই পথে অন্তত ৬৩৫ জনের মৃত্যু হয়েছে। তাদের হিসাবে, এই রুটে যাত্রা করা প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ২১ জন প্রাণ হারান।

এদিকে অভিবাসী সংকটের কারণে স্পেনের এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে প্রায় ৩০টি নৌকায় করে তিন হাজার ৩০০ জনের বেশি অভিবাসী দ্বীপটিতে পৌঁছেছেন।

এর আগে গত শুক্রবার স্পেনগামী ১৪২ জন অভিবাসীকে বহনকারী আরেকটি নৌকা আটক করে সেনেগাল কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মতে, কর্মসংস্থানের অভাব, পারিবারিক চাপ এবং বিদেশে ভালো আয়ের আশায় সেনেগালের অনেক তরুণ জীবনের ঝুঁকি নিয়ে এমন বিপজ্জনক সমুদ্রযাত্রায় অংশ নিচ্ছেন।

দেশটির পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে সেনেগালে প্রতি চারজন তরুণের মধ্যে প্রায় একজন বেকার ছিলেন। তরুণদের বেকারত্ব দেশটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এই পরিস্থিতি মোকাবিলায় মানবপাচার ও অবৈধ অভিবাসন চক্রের বিরুদ্ধে অভিযান জোরদার করার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সেনেগাল সরকার।