পাকিস্তানের রাওয়ালপিন্ডির গুলশানাবাদ এলাকায় নিজ বাড়ি থেকে এক নারী টিভি উপস্থাপকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দেশটির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংবাদ পাঠিকা ও অনুষ্ঠান উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। রোববার (৮ নভেম্বর) এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।
ঘটনার পরপরই নিহতের স্বামীকে হেফাজতে নিয়েছে পুলিশ। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা একটি অস্ত্রও জব্দ করা হয়েছে। রাওয়ালপিন্ডির একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। খবর পেয়ে তিনি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও ফরেনসিক দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে ওই বাড়ির এক পুরুষ গৃহকর্মী জানান, নিহতের স্বামী তাকে বলেছিলেন, বন্দুক থেকে দুর্ঘটনাবশত গুলি বের হয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
পাঞ্জাব ফরেনসিক সায়েন্স এজেন্সির একটি বিশেষ দল ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ ও নিন্দা জানিয়েছেন পাকিস্তানের ফার্স্ট লেডি। প্রেসিডেন্সি থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার দাবি জানান, যাতে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা যায়।
একই এলাকায় কর্মজীবী নারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ প্রসঙ্গে গত আগস্টে রাওয়ালপিন্ডিতে এক নারী ডিজিটাল মিডিয়া নির্বাহীর নিজ বাড়িতে রহস্যজনক মৃত্যুর ঘটনাও স্মরণ করিয়ে দেন। পরপর দুই কর্মজীবী নারীর এমন মর্মান্তিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।








