ইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোট জানিয়েছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার জোটের নেতাদের নিয়ে সরকার গঠনে তার কোনো আপত্তি নেই।

রোববার (৮ নভেম্বর) জেরুজালেমে প্রেসিডেন্ট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক এই সেনাপ্রধান। তিনি বলেন, নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন রিলিজিয়াস জায়োনিস্ট পার্টি যদি সততার সঙ্গে জাতীয় ঐক্যে বিশ্বাস করে, তবে তার নেতৃত্বে সরকার গঠনে তাদের অংশগ্রহণের ক্ষেত্রে কোনো বাধা নেই।

অনুষ্ঠানে প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন। এ জন্য তাকে ছয় সপ্তাহ সময় দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের পর আইজেনকোট প্রতিশ্রুতি দেন, তিনি দেশের সব শ্রেণির নাগরিকের প্রতিনিধিত্ব করবেন এবং একটি কার্যকর প্রশাসন গঠন করবেন।

অনুষ্ঠানে প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনের পর বৈশ্বিক রাজনীতিতে যে পরিবর্তন এসেছে, তার প্রেক্ষাপটে ইসরাইলের জন্য একটি শক্তিশালী ও স্থিতিশীল সরকার গঠন অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, আইজেনকোট ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরাইলের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরুর পর তিনি নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যও ছিলেন।

সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে আইজেনকোটের চার দলীয় জোট ৪৮টি এবং নেতানিয়াহুর জোট ৫৩টি আসনে জয়লাভ করে। ১২০ সদস্যের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। তবে কোনো জোটই এককভাবে সেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

এবারের নির্বাচনে আরব-নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয়লাভ করে আইজেনকোটকে সমর্থন দিলেও, তাদের নিয়ে সরকার গঠনে তিনি অস্বীকৃতি জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, নির্ধারিত ছয় সপ্তাহের মধ্যে আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হলে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু আবারও সরকার গঠনের সুযোগ পেতে পারেন। অন্যথায় দেশটিতে নতুন নির্বাচনের পথ তৈরি হতে পারে।