বিনা খরচে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরব—এমন একটি কুইজ ও লটারি প্রতিযোগিতার তথ্য ছড়িয়ে পড়েছে। এতে অংশ নিতে হবে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নুসুক (Nusuk) অ্যাপের মাধ্যমে। প্রচারিত তথ্য অনুযায়ী, প্রতিযোগিতা চলবে ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।

দাবি করা হচ্ছে, প্রতিদিন লটারির মাধ্যমে নির্বাচিত বিজয়ীরা পাবেন সম্পূর্ণ বিনা খরচে ওমরাহ প্যাকেজ। এতে থাকবে যাওয়া-আসার বিমান টিকিট, ভিসা এবং মক্কা ও মদিনায় ১০ রাত থাকার ব্যবস্থা। বিজয়ীরা চাইলে একজন সঙ্গীকেও সঙ্গে নিতে পারবেন।

প্রচারিত তথ্য অনুযায়ী, বিশ্বের যেকোনো প্রান্তের ১৮ বছর বা তার বেশি বয়সি মুসলিম ব্যবহারকারীরা এতে অংশ নিতে পারবেন। অংশগ্রহণের জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

যেভাবে অংশ নেবেন

১. অ্যাপ ডাউনলোড: স্মার্টফোনে নুসুকের অফিশিয়াল অ্যাপ ডাউনলোড করতে হবে।

২. অ্যাকাউন্ট খোলা: অ্যাপে নিজের নাম, ই-মেইল, দেশ ও পাসপোর্ট নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর ই-মেইলে পাঠানো ওটিপি কোড দিয়ে অ্যাকাউন্ট যাচাই করতে হবে বলে জানানো হয়েছে।

৩. চ্যালেঞ্জ সেকশনে প্রবেশ: অ্যাপের মেনু থেকে ‘Game Center’ অথবা ‘Nusuk Challenge’ অপশনে যেতে হবে।

৪. কুইজে অংশগ্রহণ: পবিত্র কোরআন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সিরাত, ওমরাহর নিয়মকানুন ও ইসলামি ইতিহাসভিত্তিক প্রশ্নের উত্তর দিতে হবে। একটি বিষয় বেছে নিয়ে ডিজিটাল চাবি সংগ্রহের পর বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে।

প্রচারিত তথ্য অনুযায়ী, সঠিক উত্তর দিলে অংশগ্রহণকারীর নাম স্বয়ংক্রিয়ভাবে দৈনিক লটারির তালিকায় যুক্ত হবে।

আমন্ত্রণে বাড়তে পারে জয়ের সুযোগ

নিজের ইনভাইট কোড ব্যবহার করে বন্ধু বা পরিবারের সদস্যদের অ্যাপে আমন্ত্রণ জানালে অতিরিক্ত ডিজিটাল চাবি পাওয়া যেতে পারে। এতে লটারিতে জেতার সম্ভাবনা বাড়বে বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া প্রতিদিন আরও ১০ জনকে জমজমের পানির বিশেষ কার্ড দেওয়ার কথাও উল্লেখ রয়েছে।