কৃষি খাতে শ্রমিক সংকট ও আসন্ন ফসল কাটার মৌসুমের কথা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় অস্থায়ী বিদেশি কৃষিশ্রমিকদের কিছু ভিসা আবেদন অগ্রাধিকার ভিত্তিতে প্রক্রিয়াকরণের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। বিষয়টি জানিয়েছে কৃষি খাতের সংগঠন গ্রেইন প্রডিউসারস অস্ট্রেলিয়া (GPA)।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম বড় গম, বার্লি ও ক্যানোলা রপ্তানিকারক। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এসব ফসলের কাটার মৌসুম শুরু হবে। দেশটির অনেক খামারই ফসল সংগ্রহের জন্য অস্থায়ী বিদেশি শ্রমিকের ওপর নির্ভরশীল।

GPA জানিয়েছে, অভিবাসন কমানোর সরকারি নীতির কারণে কৃষি খাতে শ্রমিক পাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। নতুন ব্যবস্থায় কৃষি খাতের সংগঠনগুলো জরুরি প্রয়োজনীয় শ্রমিকদের ভিসা আবেদন অগ্রাধিকার দিয়ে জমা দিতে পারবে। তবে এতে ঠিক কতটি আবেদন দ্রুত নিষ্পত্তি হবে বা কত দ্রুত ভিসা অনুমোদন পাওয়া যাবে, তা এখনো স্পষ্ট নয়।

citytouch 728-X-90

GPA চেয়ারম্যান ম্যাথিউ ম্যাডেন বলেন, এই উদ্যোগ কৃষকদের ফসল কাটার মৌসুমে প্রয়োজনীয় শ্রমিক আনার সুযোগ তৈরি করতে পারে। তবে নতুন ব্যবস্থাটি বাস্তবে কতটা কার্যকর হয়, তা এখন দেখার বিষয়।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তরের বর্তমান নীতিতেও কৃষি, মৎস্য, জলজ চাষ, নির্মাণ, স্বাস্থ্য ও শিক্ষাসহ কয়েকটি খাতের ভিসা আবেদনে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ১৯ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর নতুন নির্দেশনায় কৃষি খাতের নির্দিষ্ট দক্ষ কর্মীদের ভিসা আবেদনের অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে।

এদিকে অস্ট্রেলিয়ার অভিবাসন ব্যবস্থায় ওয়ার্কিং হলিডে মেকার ভিসার প্রক্রিয়াকরণ সময় তিন মাসে স্থিতিশীল করার পরিকল্পনাও সরকারের নীতিগত পরিবর্তনের অংশ হিসেবে রয়েছে।