চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা বিবিবিলা শান্তি বিহারে কঠিন চীবর দানোৎসবে একই মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপি ও জামায়াতের নেতারা। আয়োজকদের উদ্যোগে শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত এ আয়োজনে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কাইছার লিংকন। তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিবিবিলা শান্তি বিহারের সাংগঠনিক সম্পাদক ও বার্তা বাজারের প্রধান সম্পাদক রকি বড়ুয়া। আয়োজনে বিএনপি ও জামায়াতের নেতাদের একই মঞ্চে উপস্থিতিকে স্থানীয়ভাবে সম্প্রীতির দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

সকালে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। ধর্মদেশনা দেন ভদন্ত সুমিত্র মহাথেরো ও ভদন্ত রতনানন্দ মহাথেরো। দিনব্যাপী বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ এবং বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কাইছার লিংকন বলেন, সব ধর্ম মানুষের বিশ্বাসকে সুদৃঢ় করে। ধর্মীয় গুরুদের সম্মানার্থে সরকার সম্মানী ভাতা চালু করেছে বলেও তিনি উল্লেখ করেন। বক্তব্যে তিনি শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার সমালোচনা করেন এবং বিএনপির উন্নয়নমূলক ভূমিকার কথা তুলে ধরেন।

বিশেষ অতিথি স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী রকি বড়ুয়ার উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্দিরের অবকাঠামো উন্নয়ন ও শ্মশানের জন্য অনুদানের আশ্বাস দেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্যসচিব মোহাম্মদ মোস্তফা জামান বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই তাঁদের জনগণের কাছে ফিরে আসতে হয়। এ সময় তিনি অতীতের রাজনৈতিক ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন এবং বিএনপির বৈদেশিক বিষয়ক উপকমিটি ও কেন্দ্রীয় গবেষণা ও মনিটরিং টিমের সদস্য ড. আমিরুল ইসলামসহ রাজনৈতিক ও বিহার কমিটির নেতারা।