চলতি নভেম্বরের শেষ দিকে কর্মসংস্থানের উদ্দেশ্যে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের ১০ হাজার কর্মী। তাঁদের মধ্যে ১ হাজার জুলাই যোদ্ধাকে সম্পূর্ণ সরকারি খরচে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হবে। মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের জন্য সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা।
সংসদে প্রবাসীদের নানা সমস্যা ও হয়রানির বিষয়ও তুলে ধরা হয়। বিমানবন্দরে লাগেজ কাটা, দালালের মাধ্যমে প্রতারণা, নির্যাতন, পরিবারের কাছ থেকে অর্থ আদায় এবং বিদেশে অসুস্থ বা বিপদে পড়লে দূতাবাসের পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার অভিযোগ নিয়ে প্রশ্ন করেন এক সংসদ সদস্য।
জবাবে মন্ত্রী বলেন, বিদেশে বাংলাদেশি কর্মীদের সহায়তায় প্রতিটি বাংলাদেশ মিশনে ডেস্ক স্থাপন করা হয়েছে। ইমেইলে অভিযোগ বা সমস্যার তথ্য জানালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে। প্রয়োজনে কর্মীর পরিবারের সদস্যদেরও প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়।
মন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশিদের খোঁজখবর নেওয়া হয়েছে। তাঁদের চিকিৎসা ও চিকিৎসার ব্যয় মেটাতে সহযোগিতার পাশাপাশি পরিবারের সদস্যদের নিয়মিত পরিস্থিতি জানানো হয়েছে।
বিদেশে কর্মরত বাংলাদেশিদের সমস্যা সম্পর্কে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও সংসদকে জানান তিনি।









