স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। এ কারণে তার হৃদযন্ত্রে স্টেন্ট (রিং) স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বুকে ব্যথা অনুভব করার পর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে এনজিওগ্রাম করেন। পরীক্ষায় হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে।

হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানান, বুকে ব্যথার কারণে মন্ত্রীকে হাসপাতালে আনা হয়। অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তার এনজিওগ্রাম সম্পন্ন করেন।

স্বাস্থ্যমন্ত্রীর পরিবারের এক সদস্য জানান, পরবর্তী চিকিৎসার অংশ হিসেবে তার এনজিওপ্লাস্টি করা হবে। এ প্রক্রিয়ার মাধ্যমে হৃদযন্ত্রে স্টেন্ট বসানোর প্রস্তুতি চলছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতে স্বাস্থ্যমন্ত্রী নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।

এদিকে স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।