আগামী ফেব্রুয়ারির মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন প্রোগ্রামে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে সংস্থাটির সঙ্গে সরকারের দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে তাদের কাজ শেষ হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার কক্সবাজারে আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, আইএমএফের নতুন প্রোগ্রাম নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আশা করা হচ্ছে, জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে তাদের কার্যক্রম শেষ হবে।

তিনি বলেন, শর্তের কারণে সরকার আইএমএফের প্রোগ্রাম থেকে পিছিয়ে যায়নি। বরং আগের সরকারের সময় নেওয়া প্রোগ্রামে এমন কিছু বিষয় ছিল, যেগুলো নির্বাচিত সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়।

আমির খসরু আরও বলেন, অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে সময়ের প্রয়োজন রয়েছে। রাতারাতি সিদ্ধান্ত নিতে গেলে জনগণকে ভোগান্তিতে পড়তে হতে পারে। এতে দেশের অর্থনীতি ও ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি জানান, বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অর্থনৈতিক কাঠামো সাজাতে হবে। এ ক্ষেত্রে পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনার সঙ্গে উন্নয়ন সহযোগীদের কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক, এডিবি ও জাইকার মতো উন্নয়ন সহযোগীরা সরকারের পরিকল্পনার সঙ্গে নিজেদের কার্যক্রম সমন্বয় করছে। সব অংশীদারের মধ্যে সমন্বয় না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন কঠিন হবে। আইএমএফও এই সমন্বয় প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে।