তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন ৩০ টাকা কেজি দরে। প্রাথমিকভাবে তিন মাস এ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করা হয়েছে।

কর্মসূচি বাস্তবায়নে অতিরিক্ত বাজেট বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়। অর্থ বিভাগের অনুমোদন ও প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া সাপেক্ষে কার্যক্রম শুরুর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

যেভাবে চাল পাবেন শ্রমিকরা

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, শ্রমিকদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া এবং ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়ে ভর্তুকি মূল্যে চাল সরবরাহ করা হবে।

প্রস্তাবে বলা হয়েছে, একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও ঢাকার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন শ্রমঘন শিল্পাঞ্চলে এ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।

পোশাকশ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ৭৫টি খোলা ট্রাকে চাল বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে মোট ৩৭৫ টন চাল সরবরাহের পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকভাবে তিন মাস এ কার্যক্রম চলবে।

প্রয়োজন হবে সাড়ে চার হাজার টন চাল

বিশেষ ওএমএস কার্যক্রম বাস্তবায়নে অতিরিক্ত ৪ হাজার ৫০০ টন চালের সংস্থান রাখার প্রস্তাব দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মতে, সরকারি খাদ্যশস্যের বিদ্যমান মজুত ব্যবহার করেই এ কর্মসূচি বাস্তবায়ন সম্ভব।

প্রস্তাবে চাল সরবরাহ, ট্রাকে বিক্রি এবং পরিবহণসহ প্রয়োজনীয় ব্যবস্থাপনার বিষয়গুলোও তুলে ধরা হয়েছে। তবে কর্মসূচি শুরুর বিষয়টি এখন অর্থ বিভাগের অনুমোদন ও বাজেট বরাদ্দের ওপর নির্ভর করছে।

তিন মাসের বদলে দীর্ঘমেয়াদি করার পরামর্শ

অর্থনীতিবিদদের মতে, খাদ্যপণ্যের উচ্চমূল্যের সময়ে শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম চালুর উদ্যোগ ইতিবাচক। তবে তিন মাসের পরিবর্তে কর্মসূচিটি দীর্ঘমেয়াদি করা হলে শ্রমিকরা বেশি উপকৃত হবেন।

তাদের মতে, তিন মাস পর ৩০ টাকা কেজি দরে চাল পাওয়ার সুবিধা বন্ধ হলে শ্রমিকদের মধ্যে আবারও খাদ্যসংকট তৈরি হতে পারে। এ পরিস্থিতি এড়াতে বেতনের সঙ্গে সমন্বয় করে খাদ্য সহায়তার সুবিধা দীর্ঘমেয়াদে বহাল রাখার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।

পাশাপাশি শ্রমিকদের নতুন মজুরি দ্রুত নির্ধারণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। নিত্যপণ্যের উচ্চমূল্যের মধ্যে বর্তমান মজুরিতে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। দ্রুত নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা গেলে শ্রমিক অসন্তোষ ও সামগ্রিক সংকট কমানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাজেটে বাড়বে খাদ্য ভর্তুকি

শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সরকারের খাদ্য ভর্তুকি বাড়বে। এতে বাজেটের ওপর অতিরিক্ত চাপ তৈরি হলেও শ্রমিকদের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে প্রধানমন্ত্রী শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের জন্য একাধিক হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন। এবার খাদ্য সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি মালিকপক্ষকেও আরও দায়িত্বশীল ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়াও চলছে

শ্রমিক অসন্তোষের মধ্যে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়াও শুরু হয়েছে। এ জন্য সরকার অষ্টম নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে।

বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক পক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো তুলে ধরেছে। এতে সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।