বাংলাদেশের জাতীয় পর্যটন মহাপরিকল্পনা আগামী ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে দেশের প্রায় ১ হাজার ৫০০টি পর্যটন আকর্ষণকে ঘিরে সমন্বিত উন্নয়ন কৌশল বাস্তবায়নের পথ খুলবে। প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে আগামী বছরের জানুয়ারি থেকেই মহাপরিকল্পনার কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী জানিয়েছেন, ঢাকায় প্রস্তাবিত ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এর সময় মহাপরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের প্রস্তুতি চলছে।

পাঁচ দিনব্যাপী এ উৎসব ২৭ থেকে ৩১ ডিসেম্বর আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। তবে উৎসবের চূড়ান্ত কর্মসূচি এবং এতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

বিটিবি প্রধান জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে মহাপরিকল্পনাটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়ার আশা করা হচ্ছে। এর আগে ৩০ নভেম্বরের মধ্যে পর্যালোচনা কমিটির যাচাই করা নথি পাওয়ার প্রত্যাশা রয়েছে। পরবর্তী সময়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদন এবং জাতীয় পর্যটন কাউন্সিলের সম্মতি নেওয়া হবে। সব প্রক্রিয়া শেষ হলে জানুয়ারি থেকে বাস্তবায়ন শুরু করার পরিকল্পনা রয়েছে।

২০১৯ সালে মহাপরিকল্পনা তৈরির উদ্যোগ নেওয়া হলেও কোভিড-১৯ মহামারি, প্রশাসনিক জটিলতা এবং বিভিন্ন পর্যায়ে পর্যালোচনার কারণে তা বারবার পিছিয়ে যায়। দীর্ঘদিন ধরে দেশের পর্যটন খাত একটি সমন্বিত জাতীয় উন্নয়ন পরিকল্পনার অপেক্ষায় রয়েছে।

মহাপরিকল্পনায় ১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্র

জাতীয় পর্যটন মহাপরিকল্পনায় ২০২৪ থেকে ২০৪১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এর মূল লক্ষ্য বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক ও টেকসই পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা।

পরিকল্পনায় দেশের আটটি প্রশাসনিক বিভাগে প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন সম্পদ ও আকর্ষণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রকে ঘিরে অবকাঠামো, পর্যটন পণ্য, গন্তব্য ব্যবস্থাপনা, বিপণন এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের প্রস্তাব রয়েছে।

মহাপরিকল্পনায় ২০৪১ সালের মধ্যে ৫৫ লাখ ৮০ হাজার পর্যটক আকর্ষণ এবং ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এতে সমুদ্রসৈকত, পরিবেশবান্ধব পর্যটন, সাংস্কৃতিক ও ঐতিহ্যভিত্তিক পর্যটন, ধর্মীয় পর্যটন, অ্যাডভেঞ্চার, নদীভিত্তিক, গ্রামীণ ও ক্রুজ পর্যটনের বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সভা, সম্মেলন, প্রদর্শনী ও প্রণোদনামূলক ভ্রমণকেন্দ্রিক পর্যটন (মাইস) সম্প্রসারণের প্রস্তাব রয়েছে।

বিদেশি বিনিয়োগ আকর্ষণে ই-ভিসা চালু, পর্যটকদের নিরাপত্তা জোরদার, গন্তব্য ব্যবস্থাপনা উন্নত করা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব সম্প্রসারণের সুপারিশও করা হয়েছে। এ ছাড়া আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, গন্তব্য ব্যবস্থাপনা সংস্থা এবং স্বতন্ত্র পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব রয়েছে।

জানুয়ারি থেকেই বাস্তবায়নের লক্ষ্য

বিটিবি প্রধান জানান, প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে ২০২৭ সালের জানুয়ারি থেকে অগ্রাধিকারমূলক কার্যক্রম বাস্তবায়ন শুরু হবে। তবে মহাপরিকল্পনা বাস্তবায়ন বলতে শুধু হোটেল, রিসোর্ট বা অন্যান্য অবকাঠামো নির্মাণকে বোঝানো হচ্ছে না।

প্রাথমিক পর্যায়ে পর্যটন গন্তব্যের প্রচার, ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর মতো কার্যক্রম হাতে নেওয়া হতে পারে।

মহাপরিকল্পনায় বাস্তবায়নকারী প্রতিষ্ঠান, অর্থায়নের সম্ভাব্য উৎস, প্রকল্পের অগ্রাধিকার এবং তদারকি ব্যবস্থার বিষয়েও নির্দেশনা রয়েছে। পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে প্রণোদনা ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়েছে।

পর্যটন উন্নয়নে সরকারের অগ্রাধিকার

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে জানিয়েছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে পর্যটনকে গুরুত্বপূর্ণ খাত হিসেবে গড়ে তুলতে সরকার সমন্বিত মহাপরিকল্পনা তৈরি করছে। পর্যটনকে অগ্রাধিকারমূলক খাত হিসেবে বিবেচনা করে পর্যায়ক্রমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে।

কক্সবাজার, সিলেট ও খুলনায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের মালিকানাধীন জমিতে আন্তর্জাতিক মানের হোটেল ও পর্যটন সুবিধা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। কক্সবাজারে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে পর্যটন উন্নয়নের জন্য ১৩২ দশমিক ৪৪ একর জমি চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া দেশের আতিথেয়তা খাতের জনবলকে দক্ষ করে তুলতে মোটেল লাবণী চত্বরে আধুনিক পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

সরকার প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্রকে অন্তর্ভুক্ত করে মহাপরিকল্পনা চূড়ান্ত করার পাশাপাশি কমিউনিটিভিত্তিক পর্যটনের প্রসার, পর্যটকদের নিরাপত্তা এবং খাতসংশ্লিষ্ট তথ্য-উপাত্ত উন্নয়নের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে ‘জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬’ প্রণয়নের কাজও শুরু হয়েছে।

কার্যকর বাস্তবায়নের দাবি পর্যটনসংশ্লিষ্টদের

পর্যটন খাতের অংশীজনরা দীর্ঘদিন ধরে মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। তাদের মতে, সমন্বিত বিনিয়োগ, পেশাদার গন্তব্য ব্যবস্থাপনা এবং পর্যটকদের সেবার মান উন্নত করা ছাড়া দেশের পর্যটন সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব নয়।

তারা পর্যটন প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, দক্ষ জনবল তৈরি এবং নীতিগত সহায়তা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পর্যটকদের অভিজ্ঞতা ও সেবার মানোন্নয়ন, বেসরকারি খাতের অংশগ্রহণ এবং স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার কথা বলেছেন।

পর্যটনসংশ্লিষ্টদের মতে, পরিবেশের ভারসাম্য রক্ষা, কার্যকর গন্তব্য ব্যবস্থাপনা, পর্যটন বিপণন এবং উন্নত যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা গেলে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা দেশের পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।